২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ শ্রেণী বৈষম্য বাড়াবে’

সরকার বেশি দামে নিরবচ্ছিন্ন বিদ্যুত সেবা চালু করায় শ্রেণী বৈষম্য বাড়বে বলে মনে করেন বিএনপি নেতা এম কে আনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বেশি দামে নিরবচ্ছিন্ন বিদ্যুত সেবা চালু করায় শ্রেণী বৈষম্য বাড়বে বলে মনে করেন বিএনপি নেতা এম কে আনোয়ার। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোববার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকার জনগণকে বিদ্যুৎ দিতে পারছে না। অন্যদিকে বেশি দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার ঘোষণা দিয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের মূল্য নির্ধারণের নামে সরকার দেশে শ্রেণী বৈষম্য সৃষ্টি করেছে। এতে বিশৃঙ্খলা বাড়বে।” সরকারের এ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “দেশে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির ঘাপলা জনগণের ওপর চাপিয়ে দিতেই নিরবচ্ছিন্ন বিদ্যুতের এই মূল্যহার নির্ধারণ করা হয়েছে।” সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ‘জিয়ার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন এম কে আনোয়ার। আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ জাতীয় নেতাদের মুক্তি দাবি করেন। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, “সরকার প্রধান বলে বেড়াচ্ছেন, তার সরকারের সাড়ে তিন বছরে তিন হাজার তিনশ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এটা সত্যি হলে এই বিদ্যুৎ কোথায় গেল? এখন কেন লোডশেডিং আরো বেড়ে গেছে?” গত ২৮ মে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেশি দামে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দেয়। এই বিদ্যুতের প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে গড়ে ১৪ টাকা ৯৯ পয়সা। নির্দলীয় সরকার বিএনপি নির্দলীয় সরকার নিয়ে কোনো নতুন প্রস্তাব দেবে না জানিয়ে এম কে আনোয়ার বলেন, “বাতিল হওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল চাই আমরা। সরকার এই দাবি নীতিগতভাবে মেনে নেওয়ার ঘোষণা দিলেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মধ্যে নতুন কোনো কিছু সংযোগ কিংবা বিয়োজনের বিষয়ে সংলাপ হতে পারে। বিএনপি সেই সংলাপে বসতে রাজি আছে।” তিনি বলেন, “সরকার গণবিচ্ছিন্ন হয়ে আবার ক্ষমতায় যেতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে তুলে দিয়েছে। এর মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার চিন্তা করেছে তারা। তাদের এই স্বপ্ন কখনো সফল হবে না।” যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, সাংবাদিক এরশাদ মজুমদার, উলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক, যুবদলের সহসভাপতি মামুন হাসান প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/১৮২০ ঘ.