২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচবিবিতে চুনাপাথর খনির সন্ধান

ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের কর্মকর্তাদের ধারণা, সেখানকার প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে চুনাপাথরের মজুদ রয়েছে, যা সিমেন্ট তৈরিতে ব্যবহার করা যেতে পারে। আমিনূর রহমান রাসেল জানাচ্ছেন বিস্তারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 05:19 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবিতে চুনাপাথরের খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। অধিদপ্তরের মহাপরিচালক মুনিরা আখতার চৌধুরী রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভূপৃষ্ঠ থেকে ১ হাজার ৪৯৮ ফুট গভীর পর্যন্ত খনন শেষে তারা চুনাপাথরের বড় মজুদ সম্পর্কে নিশ্চিত হয়েছেন। “আমাদের ধারণা, এখানে প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে চুনাপাথরের মজুদ রয়েছে,” বলেন তিনি। একটি অনুসন্ধান কূপ খনন করে এ সন্ধান মিলেছে জানিয়ে মুনিরা চৌধুরী বলেন, “১২ কিলোমিটার দৈর্ঘ্য এবং ৮ কিলোমিটার প্রস্থের একটি বেসিনে এ পাথর রয়েছে।” পাথরের পুরুত্ব জানতে আপার স্টেজ (পাথরের উপরিভাগ) থেকে এই পর্যন্ত ১৮ ফুট খনন করা হয়েছে। আপাতত ১০০ ফুট পর্যন্ত খননের পরিকল্পনা রয়েছে বলে মুনিরা জানান। তার ধারণা, এই বেসিনের কেন্দ্রে পাথরের পুরুত্ব অনেক বেশি হলেও চারপাশে পুরুত্ব কম থাকতে পারে। খনির প্রকৃত মজুদ নির্ধারণের জন্য পুরুত্ব নির্ণয় করতে আরো চারটি কূপ খনন করা হবে বলে জানান তিনি। এই কাজ শেষ করতে কমপক্ষে দুই বছর সময় লাগবে জানিয়ে জিএসবি মহাপরিচালক বলেন, “খনন কাজ মূলত শুষ্ক মৌসুম (নভেম্বর থেকে মে পর্যন্ত) করা হয়। বৃষ্টি শুরু হলে খনন করা যায় না।” চুনাপাথরের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, “এই পাথর মূলত সিমেন্ট তৈরি করা হয়। সিমেন্ট তৈরিতে ৮০ শতাংশ চুনাপাথর, ১৬ শতাংশ ক্লে, জিপসাম ৪ শতাংশ লাগে।” এখানকার চুনাপাথর উন্নতমানের উল্লেখ করে মুনিরা চৌধুরী বলেন, “যদি এখানে বড় ধরনের মজুদ পাওয়া যায়, তবে দেশে সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল এই খনি থেকে মেটানো সম্ভব হবে।” তিনি বলেন, সাধারণত খনি এলাকা উন্নয়নের জন্য ফিজিবিলিটি সার্ভে করতে বিদেশি পরামর্শক আনা হয়। এখন জিএসবির কর্মকর্তারা ফিজিবিলিটি সার্ভে করতে সক্ষম। খনিজ সম্পদ উন্নয়নে ভূ- বৈজ্ঞানিক কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়) আওতায় ২০১১ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত তিন বছর মেয়াদে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে প্রকল্প পরিচালক মো. নেহাল উদ্দিন জানান। ভূ-তাত্ত্বিক নেহাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ কর্মসূচির জন্য মোট ৫ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এই চুনা পাথর ৩ কোটি ৪০ লাখ থেকে ৫ কোটি ৫০ লাখ বছর আগের দাবি করে নেহাল বলেন, “অনুসন্ধান কূপ খনন করে বর্তমানে যে চুনাপাথর পাওয়া গেছে তা সিলেট লাইমস্টোন ফরমেশনের আপার স্টেজের পাথর।” আরো নিচের দিকে খনন কাজ এগিয়ে গেলে এই পাথরের নিচে কয়লা পাওয়ারও সম্ভবনা রয়েছে বলে জানান তিনি। জিএসবির সহকারী পরিচালক এবং এই কর্মসূচির ভূ-তাত্ত্বিক জরিপ দলের প্রধান মুহাম্মদ মাছুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এপ্রিল মাসে পাঁচবিবি সদর উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের আগাইর গ্রামে খনিজসম্পদ আহরণের লক্ষ্যে এই খনন শুরু করে ভূতাত্ত্বিক জরিপ দল। এর আগে জয়পুরহাটের জামালগঞ্জ ও সুনামঞ্জের টেকেরঘাটে চুনাপাথরের সন্ধান পাওয়া গেলেও ওই দুটি প্রকল্প লাভজনক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/এমআই/১৯৫৫ ঘ.