২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কম দামে বিদ্যুতের সমাধান গ্যাসে’

বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে গ্যাসভিত্তিক কেন্দ্র নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে গ্যাসভিত্তিক কেন্দ্র নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটি বলছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নির্দিষ্ট সময় পর্যন্ত থোক বরাদ্দ দেওয়া হলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সম্ভব। কমিটির আয়োজনে শনিবার পুরানা পল্টনের মুক্তি ভবনে ‘জ্বালানি ও বিদ্যুৎ খাত : বাজেট ২০১২’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ এসব কথা বলেন। তিনি বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি খাতকে খাতকে বাঁচাতে নতুন অর্থবছর থেকে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আগামী পাঁচ বছরের জন্য জ্বালানি বিভাগকে থোক বরাদ্দ দেওয়া উচিত।” এই বরাদ্দ কীভাবে ব্যয় হবে এরও দিক-নির্দেশনা দেন অর্থনীতির এই অধ্যাপক। তার মতে, পেট্রোবাংলা ও বাপেক্সের শূন্যপদ পূরণের পাশাপাশি দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণের পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে বিদেশ থেকে প্রশিক্ষক আনতে হবে। পেট্রোলিয়াম ইনস্টিটিউটকে শক্তিশালী ও কার্যকর, আধুনিক ও সমৃদ্ধ যন্ত্রপাতির সম্ভার হিসেবে গড়ে তুলতে হবে। এ সবের পাশাপাশি জাতীয় সংস্থার মাধ্যমে নতুন অনুসন্ধান কূপ খননে বরাদ্দ দেওয়ারও আহ্বান জানান কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য সরকারের নীতিমালাকে দায়ী করে তিনি বলেন, “ভুল নীতি এবং দুর্নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি মূল্যবৃদ্ধির বোঝা জনগণকে বহন করতে হচ্ছে।” তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এ খাতের সর্বনাশ ডেকে এনেছে বলেও মন্তব্য করেন আনু মুহাম্মদ। তিনি বলেন, “এ কারণে বিদ্যুতের দাম বেড়েছে। অথচ গ্যাসভিত্তিক সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেরামত ও সংস্কার করা হলে ভুর্তকি এতো বাড়তো না।” গ্যাস ও কয়লা সম্পদে জাতীয় মালিকানা নিশ্চিত করার দাবি জানিয়ে কমিটির সদস্য সচিব বলেন, “শতকরা একশ ভাগ গ্যাস ও কয়লা বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করতে হবে।” এ ছাড়া ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তি বাতিল করে সরকারি কেন্দ্র মেরামত ও নবায়নের পরামর্শ দেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুলাহ, সদস্য সৈয়দ আবুল মাকসুদ, প্রকৌশলী বিডি রহমতুল¬াহ, নুর মোহাম্মদ, প্রকৌশলী ম. ইনামুল হক, প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/১৯১৫ ঘ.