ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মলগ্ন থেকে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনা করে এর ‘ভবিষ্যৎ নির্ধারণের জন্য’ কমিশন গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নোবেল বিজয়ী আশঙ্কা প্রকাশ করেন, সরকার কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ আরোপ করলে তা এ প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হবে।
বিবৃতিতে তিনি বলেন, “আমার নিশ্চিত বিশ্বাস, গ্রামীণ ব্যাংকের আইন কাঠামোর পরিবর্তন করে সরকারের ভূমিকা এতে বাড়ানো হলে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ বিপন্ন হবে। গ্রামীণ ব্যাংকে হাত না-দিয়ে সরকার এরকম আরেকটি বা একাধিক ব্যাংক প্রতিষ্ঠা করুক তাতে কারো আপত্তি হবে বলে মনে হয় না।”
ইউনূস প্রশ্ন করেছেন, “গ্রামীণ ব্যাংক কি বড় রকমের কোনো অঘটন ঘটিয়েছে, যার জন্য তদন্ত কমিশন বসাতে হয়েছে?”
ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসের অপসারণের ১৪ মাস পর গত ১৬ মে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে।
ব্যাংকের অতীত পর্যালোচনা করে ভবিষ্যতের বিষয়ে সুপারিশ দেওয়ার জন্য চার সদস্যের এই তদন্ত কমিশনকে (কমিশন অব ইনকোয়ারি) তিন মাস সময় দেওয়া হয়েছে।
১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরুর সময় থেকে ২০১০ সাল পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ড পর্যালোচনা করতে বলা হয়েছে কমিশনকে, যে সময়টায় ইউনূস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন।
গত বছর ২ মার্চ অনুমোদন না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে ওই দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বিরুদ্ধে ইউনূস উচ্চ আদালতে গেলেও তা খারিজ হয়ে যায়।
‘গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ: আমার শঙ্কা’ শিরোনামে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ইউনূস প্রশ্ন রেখেছেন, “২০১০ সাল পরবর্তী সময়টাকে কমিশনের বিবেচনার বাইরে রাখার কারণ বুঝতে পারলাম না। ২০১০ সালের পর কি গ্রামীণ ব্যাংকের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে?”
এই কমিশন গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড ও আইনি কাঠামো পর্যালোচনা করে দেখবে, যেসব প্রতিষ্ঠানের মধ্যে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনও রয়েছে।
কার্যপরিধিতে বলা হয়েছে, ব্যাংকের শুরু থেকে ২০১০ সাল পর্যন্ত মেয়াদে এর ‘কর্মক্ষমতা, দুর্বলতা এবং এর সামনের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করবে কমিশন।
ব্যাংকে সুশাসন, বিশেষ করে ব্যবস্থাপনায় জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সুপারিশ করবে।
এছাড়া গ্রামীণ ব্যাংকের মালিকানার বিন্যাস, বোর্ড প্রতিনিধিত্ব, বোর্ড সদস্যদের যোগ্যতা নির্ধারণ নিয়েও কমিশন তাদের মতামত দেবে।
সাবেক সচিব মো. মামুনুর রশিদকে প্রধান করে গঠিত এই কমিটিতে সদস্য হিসাবে আছেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও মোসলেহ উদ্দিন আহমেদ। পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর মহাপরিচালক ড. এম এ কামাল কমিশনে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
এই কমিশন গঠনের খবরে ‘মন খারাপ’ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে ইউনূস বলেন, “তদন্ত কমিশনের যে কার্যপরিধি দেওয়া হয়েছে, তাতে শঙ্কা জাগে যে সরকার গ্রামীণ ব্যাংকের আইনি কাঠামো ও ব্যবস্থাপনা পদ্ধতিতে পরিবর্তন আনতে চায়।”
২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে। এরপর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর্মকা- পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। গ্রামীণ ব্যাংক ও সহযোগী সংস্থাগুলোর কার্যক্রমে নানা ‘অসঙ্গতির’ তথ্য উঠে আসে ওই কমিটির প্রতিবেদনে।
কেন্দ্রীয় ব্যাংক গত বছর ইউনূসকে অব্যাহতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দাতা সংস্থার চাপের পরও সরকার তাকে গ্রামীণ ব্যাংকে না ফেরানোর সিদ্ধান্তে অটল থাকে। ব্যাংকের জন্য একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে ইউনূসের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাবও চলতি বছরের শুরুতে খারিজ করে দেয় সরকার।
বর্তমানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান ভারপ্রাপ্ত এমডি হিসাবে দায়িত্ব পালন করছেন।
চলতি মাসের শুরুতে দুই দিনের সফরে ঢাকায় এসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক অনুষ্ঠানে বলেন, গ্রামীণ ব্যাংকে ইউনূসের পদ নিয়ে ‘বিরোধের’ বিষয়টি তিনি ওয়াশিংটন থেকে লক্ষ্য করেছেন। তিনি আশা করেন, সরকার এমন কিছু করবে না যাতে গ্রামীণ ব্যাংকের উন্নতি বাধাগ্রস্ত হয়।
তার ওই বক্তব্যের সমালোচনায় গত ৮ মে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, হিলারি যাই বলুন না কেন, সরকার আগের অবস্থানেই আছে। ইউনূসকে অপসারণের পর গত এক বছরে গ্রামীণ ব্যাংকের কোথাও কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০০১৫ ঘ.
bdnews24