২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি ডিজিটাইজেশনে অগ্রগতি নেই, অর্থমন্ত্রীর অসন্তোষ

সমন্বয়হীনতার কারণে ভূমি সংক্রান্ত নথি ডিজিটাইজেশন প্রকল্পের কাজে অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমন্বয়হীনতার কারণে ভূমি সংক্রান্ত নথি ডিজিটাইজেশন প্রকল্পের কাজে অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংক্রান্ত নথি ডিজিটাইজেশন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, “ভূমি সংক্রান্ত কার্যক্রম ডিজিটাইজেশন কাজে আশানুরূপ অগ্রগতি হয়নি। এর অন্যতম কারণ সমন্বয়হীনতা। ভূমি মন্ত্রণালয়, জরিপ অধিদপ্তর এবং নিবন্ধন পরিদপ্তরের মধ্যে কাজের মধ্যে কোন সমন্বয় নেই। এ কারণে অনেক দিন আগে কাজটি শুরু হলেও তেমন কোন সুফল পাওয়া যায়নি।” এ কাজে গতি আনতে এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নে ভূমি সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। এ কমিটি আগামী দুই মাসের মধ্যে একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। অর্থমন্ত্রী জানান, সমন্বয়হীনতার পাশাপাশি অগ্রগতি না হওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ না পাওয়ার কথা জানানো হয়েছে। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হলে এক্ষেত্রে অর্থ বরাদ্দও কোনো সমস্যা হবে না। মুহিত জানান, ভূমি ডিজিটাইজেশন কাজের জন্য নেওয়া পাইলট প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়ন করেছে। প্রত্যেক উপজেলায় একটি করে তথ্য কেন্দ্র স্থাপনে তাদের পরামর্শ রয়েছে। প্রত্যেক উপজেলায় না হলেও দুই উপজেলা মিলে অন্তত একটি তথ্য কেন্দ্র করার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি সংক্রান্ত নথি ডিজিটাইজেশন প্রকল্পের জন্য নতুন নকশা ও জরিপ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, নকশা প্রণয়নে জরিপ কার্যক্রম শুরু করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন। এজন্য ভূমি সচিবের নেতৃত্বে একটি টিম গঠন করা হবে। এতে জরিপ অধিদপ্তর ও নিবন্ধন পরিদপ্তরের প্রতিনিধিও থাকবে। এই দল আগামী দুই মাসের মধ্যে নতুন কর্মপরিকল্পনা তৈরী করবে। আগামী তিন মাস পরে এ নিয়ে আবারো বৈঠক করা হবে। ওই বৈঠকে এ কার্যক্রম শুরুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে অর্থমন্ত্রী জানান। ভূমি নিবন্ধণ কার্যক্রমের জটিলতার কথা তুলে তিনি বলেন, ভূমি নিবন্ধন পদ্ধতি সহজ করা হবে। এক অফিসে সব কাজ (ওয়ান স্টপ সার্ভিস) করা যাবে। এতে সকল তথ্য কম্পিউটারে সংরক্ষণ করা হবে। নিবন্ধন গ্রহণকারী ব্যক্তি মূল দলিল পাবে। কম্পিউটারে রক্ষিত নথি থেকে ছাপিয়ে (প্রিন্ট করে) তথ্য সরবরাহ করা গেলেও তার কোনো পরিবর্তন করা যাবে না। অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ও সচিব মোখলেছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬৪৩ ঘ.