ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুর পুষ্টি ও শিক্ষার উন্নয়নে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘সম্ভব’ নামে একটি পাইলট প্রকল্প উদ্বোধন করে এর সম্ভাবনা আশা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী।
তবে এই প্রকল্পের সুবিধাভোগীরা বলছেন, বরাদ্দ করা অর্থের পরিমাণ যথেষ্ট নয়।
রোববার নারায়ণগঞ্জ জিমখানা রেলওয়ে কলোনি বস্তিতে এক বছর মেয়াদি এই প্রকল্প উদ্বোধন হয়। বিশ্ব ব্যাংকের দেওয়া ১২ লাখ ডলার দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগ।
প্রকল্পের উদ্দেশ্য বলা হয়েছে- শিশুর পুষ্টি ও শিক্ষা খাতে বিনিয়োগের মাধ্যমে বংশানুক্রমিকভাবে চলে আসা অপুষ্টি ও শিক্ষার অভাব দূর করা।
প্রকল্পের আওতায় প্রতি দুই মাস পর পর একটি হতদরিদ্র পরিবারকে ‘পোস্টাল ক্যাশ কার্ড’-এর মাধ্যমে শিশুর পুষ্টি সংস্থানে ৪০০ টাকা এবং শিক্ষা ব্যয়ের জন্য ৪০০ টাকা টাকা দেওয়া হবে। একটি পরিবার সর্বোচ্চ দুটি সুবিধা পাবে। কার্ডটি দেওয়া হবে শিশুর মায়ের হাতে।
উপদেষ্টা গওহর রিজভী বস্তির মায়েদের হাতে ক্যাশ কার্ড তুলে দেন। মায়েরা ওই অনুষ্ঠানেই ক্যাশ কার্ড দিয়ে ‘পোস্টাল এটিএম’ থেকে টাকা তোলেন।
এই উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী বলেন, “বর্তমান সরকার অতি দরিদ্র্যদের জন্য নানা ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম পরিচালনা করছে। ‘সম্ভব’ এমনই একটি প্রকল্প। আর এই ‘সম্ভব’কে সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ‘সম্ভব’ পাইলট প্রকল্পের জন্য নারায়ণগঞ্জকে বেছে নেওয়ায় বিশ্ব ব্যাংক ও স্থানীয় সরকার বিভাগকে ধন্যবাদ জানান।
“আমি কথা দিচ্ছি নারায়ণগঞ্জে ‘সম্ভব’ সফলভাবে বাস্তবায়ন হবে,” বলেন দেশের একমাত্র নারী মেয়র।
বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। ‘সম্ভব’ সেই স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে।”
পাইলট প্রকল্প সফল হলে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই প্রকল্প গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
প্রকল্প পরিচালক রেহানা ইয়াসমিন জানান, এই প্রকল্পের মাধ্যমে ১৪ হাজার ১২৭ পরিবারকে পুষ্টি ও শিক্ষা সুবিধার আওতায় আনা হয়েছে। প্রকল্পটি ২০১৩ সালের জুন পর্যন্ত চলবে।
পাইলট প্রকল্প হিসেবে ‘সম্ভব’ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নীলফামারীর জলঢাকা এবং লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় বাস্তবায়িত হবে। ১৪ হাজার ১২৭ পরিবারের মধ্যে নারায়ণগঞ্জে ২ হাজার ৫০০ পরিবারকে এই সহায়তা দেওয়া হবে।
‘সম্ভব’ উদ্বোধনীর দিনই ক্যাশ কার্ড এবং তার মাধ্যমে টাকা তোলার পর বিউটি জানান, টাকা পেয়ে খুশি হলেও পরিমাণ বেশি হলে ভালো হত।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে আটশ’ টাকা পেলাম তা দিয়ে ছেলে-মেয়ের প্রাইভেট পড়ানোও হবে না।”
বিউটির মতো ৭০ জনের হাতে ক্যাশ কার্ড ও টাকা তুলে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩৩০ ঘ.
bdnews24