ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাতারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক সহকারী মন্ত্রী শেখ আহমেদ বিন মো. বিন জাবের আল সানি বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় তার দেশ।
ঢাকা সফররত শেখ আহমেদ রোববার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আগ্রহের কথা জানান।
তিনি বলেন, “কাতার বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায়। এ ব্যাপারে কার্যক্রম চলছে।”
প্রধানমন্ত্রী বিদ্যুৎ, সড়ক, রেল ও নৌ যোগাযোগসহ অবকাঠামোগত উন্নয়নে কাতারের সহযোগিতা প্রত্যাশা করেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব বিজন লালদেব সাংবাদিকদের জানান।
কাতারের সহকারী মন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করতে চান তারা।
কাতার বরাবরই বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখে উল্লেখ করে আগামীতে এই সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন করতে চায় তার সরকার।
কক্সবাজারে সমুদ্র সৈকতে একটি উন্নতমানের পর্যটন শিল্প গড়ে তুলতে সেখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী কাতারের সহায়তা চান।
প্রধানমন্ত্রী বলেন, খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে কাতার বিনিয়োগ করতে পারে।
এ সময় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন কাতারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক সহকারী মন্ত্রী।
সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিনসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/২৩১৮ ঘ.
bdnews24