আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবাহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির প্রস্তাবের ওপর ঘোষণা আসছে সোমবার।
কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কমিশনের সদস্য সেলিম মাহমুদ।
তিনি বলেন, “সব প্রক্রিয়া শেষ হয়েছে, দাম নির্ধারণের বিষয়ে সোমবার বিকাল ৪টায় ঘোষণা দেওয়া হবে।” তবে দাম কত শতাংশ বাড়ানো হচ্ছে- তা জানাতে অপারগতা প্রকাশ করেন কমিশনের এই সদস্য।
পিডিবির একটি প্রস্তাবের ওপর গত ২ মে গণশুনানি হয়। সোমবার ওই শুনানিরই সিদ্ধান্ত জানাবে বিইআরসি।
এর আগে গত ১৫ এপ্রিল বিভিন্ন ‘ভোল্টেজ লেভেলে’ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নতুন একটি মূল্যহার (ট্যারিফ কাঠামো) প্রস্তাব করে পিডিবি। প্রস্তাবে এই মূল্যহারকে ‘কিউ’ শ্রেণির ট্যারিফ কাঠামো হিসাবে উল্লেখ করা হয়।
বর্তমানে খুচরা বিদ্যুতের মূলহার নির্ধারণে ‘এ’ থেকে ‘জে’ পর্যন্ত নয়টি শ্রেণি থাকলেও ‘কিউ’ শ্রেণি বলতে ‘কোয়ালিটি পাওয়ার’ অর্থাৎ মানসম্মত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বোঝানো হয়েছে।
পিডিবির প্রস্তাবে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য তেল ভিত্তিক আটটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন করা হবে। এই ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সারাদেশের বিতরণ সংস্থা /কোম্পানি সংশ্লিষ্ট এলাকায় সরবরাহ করবে।
সে অনুযায়ী পিডিবির বিতরণ অঞ্চল ২৭৫ মেগাওয়াট, ডিপিডিসি ১৫০ মেগাওয়াট, ডেসকো ১০ মেগাওয়াট, আরইবি ৫০ মেগাওয়াট, ওজোপাডিকো ১৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাবে।
প্রস্তাবে ‘কিউ’ শ্রেণির মূল্যহারে বলা হয়েছে, ৪০০ ভোল্টেজ লাইনের জন্য (আবাসিক) প্রতি ইউনিট বিদ্যুতে ১৩ টাকা ১৫ পয়সা; অনাবাসিক সংযোগে বেশি চাহিদার সময়ে (পিক আওয়ার) ২২ টাকা ১৫ পয়সা ও অফ-পিক সময়ে ১৮ টাকা ১৫ পয়সা এবং ফ্ল্যাট রেটে (যদি পিক কিংবা অফ পিক সময় না ধরা হয়) ১৯ টাকা ১৫ পয়সা।
এছাড়া ১১ কেভি লাইনের জন্য পিক সময়ে ২১ টাকা ১৩ পয়সা, অফ-পিক সময়ে ১৭ টাকা ১৩ পয়সা এবং ফ্লাট রেটে ১৮ টাকা ১৩ পয়সা; ৩৩ কেভি লাইনের জন্য পিক সময়ে ২০ টাকা ৫২ পয়সা, অফ-পিক সময়ে ১৬ টাকা ৫২ পয়সা এবং ফ্ল্যাট রেটে ১৭ টাকা ৫২ পয়সা; ১৩২ কেভি লাইনের জন্য পিক সময়ে ১৯ টাকা ৭৩ পয়সা, অফ-পিক সময়ে ১৫ টাকা ৭৩ পয়সা এবং ফ্ল্যাট রেটে ১৬ টাকা ৭৩ পয়সা এবং ২৩০ কেভি লাইনের জন্য পিক সময়ে ১৫ টাকা ২৩ পয়সা, অফ-পিক সময়ে ১৫ টাকা ২৩ পয়সা এবং ফ্ল্যাট রেটে ১৬ টাকা ২৩ পয়সা দর প্রস্তাব করেছে পিডিবি।
বর্তমানে তরল জ্বালানিতে প্রতি ইউনিট বিদ্যুুৎ উৎপাদনে ব্যয় হয় ১৬ থেকে ১৮ টাকা। আর গ্যাসে প্রায় ২ টাকা, কয়লায় প্রায় ৫ টাকা এবং জলবিদ্যুতে ১ টাকা ব্যয় হচ্ছে।
তবে আবাসিক গ্রাহকরা ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছে ৩ টাকা ০৫ পয়সা হারে। এ ছাড়া ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৪ টাকা ২৯ পয়সা এবং চারশ’র বেশি ইউনিট ব্যবহারের ক্ষেত্রে ৭ টাকা ৮৯ পয়সা হারে দাম নেয় পিডিবি।
অন্যদিকে ১১, ৩৩ ও ১৩২ কেভি লাইনের জন্য বিভিন্ন শ্রেণির গ্রাহকরা গড়ে সাড়ে পাঁচ টাকা দরে বিদ্যুৎ কিনছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/২১২৮ ঘ.
bdnews24