চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মহাসড়কগুলোতে পরিবহনের সময় প্রতিবছর প্রায় ২০০ কোটি টাকার মাল লুট হয় বলে দাবি করেছে গাড়ি মালিকরা।
রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে আন্তঃজেলা মালামাল পরিবহনের সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
মহাসড়কে রপ্তানিপণ্য তৈরি পোশাকের লুণ্ঠন নিয়ে গত ২১ মে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এতে দেখা যায়, তৈরি পোশাকের বেশ কয়েকটি চালান বিদেশে পাঠানোর পর ধরা পড়ে পণ্য কম। বন্দরের পথে মহাসড়কেই উধাও হয়েছে এই সব পোশাক।
সংবাদ সম্মেলনে সমিতির চেয়ারম্যান সিরাজুল হক বলেন, “মহাসড়কে ডাকাতির ঘটনা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। গত একমাসে সমিতির ৩০টি রডবাহী ট্রাকসহ ৫০ গাড়ি ও সমিতির বাইরের ৬০টি পণ্যবাহী ট্রাক ছিনতাই হয়েছে। এ সময় আট জন চালকের সহকারীকে হত্যা করা হয়েছে”।
বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি পোশাক, রড, প্লাস্টিক দানা ছিনতাই করা হচ্ছে বলে জানান তিনি।
ছিনতাই হওয়া পণ্য ফিরে পেতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাইতে গেলে উল্টো হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন সিরাজুল।
তার দাবি, এই লুণ্ঠন চক্রে কতিপয় শিল্প মালিক, বায়িং হাউস, রাজনৈতিক নেতা, সন্ত্রাসী-মাস্তান জড়িত।
অব্যাহত ছিনতাইয়ের ঘটনায় মালিকরা সর্বশ্বান্ত হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “পরিবহন মালিককেই দুর্ঘটনার দায়ভার নিতে হয় এবং ক্ষতিপূরণ দিতে হয়।”
ছিনতাই হওয়া মালামাল উদ্ধার ও মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়াসহ সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে ১৬ দফা দাবি তুলে ধরেছেন ট্রাক ও কভার্ড ভ্যান মালিকরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, টায়ার টিউবসহ খুচরা যন্ত্রাংশ ও জ্বালানি তেলের অব্যাহত মূল্যবৃদ্ধি এবং অতিরিক্ত কর আরোপের কারণে ট্রাক ও কাভার্ডভ্যান মালিকরা দিশেহারা হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে ছিলেন পণ্য পরিবহন মালিক সমিতি ফেডারেশনের মহাসচিব মো. আবু মোজাফফর, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির কো-চেয়াম্যান শওকত আলী, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক মো. জাফর চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/১৮৪০ ঘ.
bdnews24