২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিযোগাযোগে সহায়তা দেবে আইটিইউ

বাংলাদেশে তথ্য প্রযুক্তির প্রসারে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে তথ্য প্রযুক্তির প্রসারে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ। জাগো ফাউন্ডেশনের টঙ্গী শাখায় দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের উদ্যোগে প্রতিষ্ঠিত অনলাইন স্কুল পরিদর্শন শেষে জিয়া আহমেদ এ তথ্য জানান। বাংলাদেশে সফররত আইটিইউ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল হাওলিন ঝাও এ সময় উপস্থিত ছিলেন। অনলাইন স্কুলের ধারণার প্রশংসা করে জিয়া আহমেদ বলেন, “তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের এ ধরনের মডেল অন্যান্য দেশে কাজে আসতে পারে। এ ধরনের উদ্যোগে বিটিআরসি সব সময় সহযোগিতা করে আসছে।” আইটিইউ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল হাওলিন ঝাও তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের সাফল্যর প্রশংসা করে বলেন, অনলাইন স্কুলের মতো প্রকল্পগুলো ডিজিটাল বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে। অনলাইন স্কুলের প্রকল্প ব্যবস্থাপক হাফিজুর রহমান খান জানান, এই স্কুলের মাধ্যমে গ্রামাঞ্চলের অবহেলিত ছাত্র-ছাত্রী এবং শিক্ষার সুযোগবিহীন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা হবে। তিনি জানান, অনলাইন স্কুলে শিক্ষক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ক্লাস পরিচালনা করে থাকেন। এছাড়াও স্থানীয় পর্যায়ে একজন পরিচালক তাকে সহায়তা করেন। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এ ধরণের অনলাইন স্কুল চালু করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/২০০৮ ঘ.