আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহস্থালি ছাড়া অন্য সব ধরনের গ্যাসের দাম বাড়াতে নিয়ন্ত্রণ সংস্থা বিইআরসির কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
এই প্রস্তাবে শিল্প কারখানায় সিএনজি স্টেশনে সরবরাহ করা গ্যাসের দাম ৩৯ শতাংশ, শিল্প কারখানায় ৩২ শতাংশ, বিদ্যুৎ কেন্দ্রে ৫ শতাংশ, সার কারখানায় ৯ শতাংশ বাড়াতে বলে জুলাই মাস থেকে নতুন হার কার্যকরের সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গৃহস্থালি ছাড়া সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর জন্য পেট্রোবাংলা প্রস্তাব দিয়েছে। উন্মুুক্ত সভা ও গণশুনানির পর দাম পুনর্র্নিধারণ হবে।
দাম বাড়ানোর পক্ষে পেট্রোবাংলার যুক্তি, বর্তমানে দাম কম হওয়ায় গ্যাসের যথেচ্ছ ব্যবহারের কারণে অপচয় বাড়ছে। এজন্য সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়, “বিভিন্ন কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থের বরাদ্দ ক্রমান্বয়ে কমছে। এজন্য গ্যাস উৎপাদন ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন।”
দেশে কার্যরত আন্তর্জাতিক কোম্পানিগুলো গ্যাসের উৎপাদন বাড়ানোয় ওই গ্যাস কিনতে ব্যয়ও বাড়ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এছাড়া লেনদেনের ভারসাম্য ও গ্যাস অনুসন্ধানের জন্য তহবিল গঠনকেও দাম বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়েছে পেট্রোবাংলা।
বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ৭৯ টাকা ৮২ পয়সা থেকে ৫ দশমিক ২৪ শতাংশ বাড়িয়ে ৮৪ টাকা, সার-কারখানায় ৭২ টাকা ৯২ পয়সা থেকে ৯ দশমিক ৭১ শতাংশ বাড়িয়ে ৮০ টাকা, ক্যাপটিভ পাওয়ারে ১১৮ টাকা ২৬ পয়সা থেকে ১০২ দশমিক ৯৪ শতাংশ বাড়িয়ে ২৪০ টাকা, শিল্পে ১৬৫ টাকা ৯১ পয়সা থেকে ৩২ দশমিক ৬০ শতাংশ বাড়িয়ে ২২০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া চা বাগানের জন্য ১৬৫ টাকা ৯১ পয়সা থেকে ২০ দশমিক ৫৫ শতাংশ বাড়িয়ে ২০০ টাকা, বাণিজ্যিকে ২৬৮ টাকা ৯ পয়সা থেকে ৩০ দশমিক ৫৫ শতাংশ বাড়িয়ে ৩৫০ টাকা এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম ৬৫১ টাকা ২৯ পয়সা থেকে ৩৯ দশমিক ১০ শতাংশ বাড়িয়ে ৯০৫ টাকা ৯২ পয়সা নির্ধারণ করতে প্রস্তাব দেওয়া হয়েছে।
আগামী ১ জুলাই থেকে নতুন দাম কার্যকর করতে প্রস্তাব রেখেছে পেট্রোবাংলা।
এর আগে ২০০৮ সালের নভেম্বরে সব ধরনের গ্যাসের দাম বাড়ানো হয়। বর্তমানে গৃহস্থালিতে এক চুলার গ্যাসের জন্য মাসে ৪০০ টাকা এবং দুই চুলার জন্য মাসে ৪৫০ টাকা দিতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৯৫৫ ঘ.
bdnews24