ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উদ্যোক্তাদের জন্য আগামী অর্থবছরের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ প্রত্যাশা করছেন তা দেওয়াও হবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “গত বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণদানের বিষয়টিতে প্রাধান্য দেওয়া হয়েছিল। এবার আমাদের প্রত্যাশা, দেশব্যাপী নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং নারী উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে এই অর্থ বরাদ্দ করা হবে।”
গত বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল জানিয়ে সেলিমা আহমেদ বলেন, “বাস্তবে নারী উদ্যোক্তারা পেয়েছেন ১ কোটি টাকার কিছু বেশি। বাকিটা এখনো ছাড় হয়নি।”
নারী উদ্যেক্তাদের সার্বিক উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত প্রয়াস প্রয়োজন বলে মনে করেন তিনি।
উইমেন চেম্বারের সভাপতি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত কার্যক্রমের ভিত্তিতে অর্থ বরাদ্দ করা যেতে পারে।
“শিল্প এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারে। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার দায়িত্ব নিতে পারে বাণিজ্য মন্ত্রণালয়,” বলেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শিল্পখাতে ঋণগ্রহীতা নারীর সংখ্যা বাড়ছে। ২০১০-১১ অর্থবছরে মোট ১৩ হাজার ৮৩১ নারী উদ্যোক্তা ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে বিনিয়োগের জন্য ঋণ নিয়েছিলেন। বর্তমান অর্থবছরের এপ্রিল পর্যন্ত এই সংখ্যা ১৬ হাজার ৬৯৬।
সেলিমা আহমেদ বলেন, বাংলাদেশে নারী উদ্যোক্তাদের জন্য দেওয়া সুবিধাগুলো শহরাঞ্চলের নারীরাই বেশি পাচ্ছেন।
“আমরা প্রত্যাশা করব এবারের বাজেটে গ্রামীণ নারী উদ্যোক্তাদের বিষয়টিও সরকার বিবেচনা করবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/০০৩০ ঘ.
bdnews24