২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সরকারের আমলে বিশ্বব্যাংকের অর্থছাড় সর্বোচ্চ

পদ্মা সেতু নিয়ে সরকারের সঙ্গে বিরোধের প্রেক্ষাপটে দাতা সংস্থা বিশ্ব ব্যাংক বলেছে, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তাদের অর্থ ছাড় বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পদ্মা সেতু নিয়ে সরকারের সঙ্গে বিরোধের প্রেক্ষাপটে দাতা সংস্থা বিশ্ব ব্যাংক বলেছে, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তাদের অর্থ ছাড় বেড়েছে। দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তোলার পর দাতা সংস্থাটি অন্যান্য প্রকল্পেও অর্থছাড় শ্লথ করে দেয় বলে বিভিন্ন সংবাদপত্রে খবর বের হয়। পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ রেখেছে সংস্থাটি। সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের রোববার বৈঠক হয়েছে জানিয়ে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) বিশ্বব্যাংকের প্রকল্পগুলোতে মোট ৪০ কোটি ডলার অর্থ ছাড় হয়েছে।” আগের অর্থবছরের একই সময়ে অর্থ ছাড়ের পরিমাণ ছিল ৩০ কোটি ৫০ লাখ ডলার। এই সরকারের মেয়াদকালে অর্থছাড় সবচেয়ে বেশি বলেও তাতে দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের মোট ৩৪টি প্রকল্পে ৫ দশমিক ৮ বিলিয়ন (৫৮০ কোটি) ডলারের ঋণ সহায়তার অঙ্গীকার রয়েছে। যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।” তবে পদ্মা সেতু নিয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। রোববারের বৈঠকে বিশ্বব্যাংকের সব প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পর্যালোচনা বৈঠকে যে সব প্রকল্পের বাস্তবায়নের গতি মন্থর সেগুলোতে গতি আনতে স্থায়ী পদসমূহে লোক নিয়োগের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান ও বিশ্বব্যাংকের অপারেশন অ্যাডভাইজার কিস্টিন ই কিমস উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/২১০১ ঘ.