চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের নতুন সংযোগ পেতে চট্টগ্রামের গ্রাহকরা এখন অনলাইনে আবেদন করতে পারবেন। নতুন প্রক্রিয়ায় আবেদনের ২০ দিনের মধ্যে সংযোগ পাওয়া যাবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়াম্যান এ এস এম আলমগীর কবির শনিবার চট্টগ্রামে অনলাইনে আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি পিডিবি দক্ষিণাঞ্চলের একটি ওয়েবসাইটও উদ্বোধন করেন।
এ উপলক্ষে চট্টগ্রাম বিদ্যুৎ ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায়ও পিডিবির গ্রাহকদের এ সুবিধার আওতায় আনা হবে।
পিডিবি চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ সংযোগের আবেদন অনলাইনে চালু হওয়ায় বিদ্যুৎ বিভাগের জবাবদিহিতা ও গ্রাহকের সন্তুষ্টি বাড়বে।
চলমান বিদ্যুৎ সঙ্কট সম্পর্কে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সঙ্কট নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বর্তমানে মধ্যমেয়াদে নেওয়া প্রকল্পের কাজ চলছে।
“এ সরকারের আমলে জাতীয় গ্রিডে ৩ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় ঘাটতি থাকছে,” বলেন পিডিবি চেয়ারম্যান।
তেলের মূল্য বাড়ায় তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে যেতে পারছে না বলে জানান তিনি।
পিডিবি দক্ষিণাঞ্চলের নতুন চালু হওয়া ওয়েবসাইট থেকে দরপত্র সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং কোথায়, কখন লোডশেডিং হবে এবং কতক্ষণ হবে, তা জানা যাবে।
অনুষ্ঠানে পিডিবি বিতরণ বিভাগের সদস্য আব্দুল ওহাব খান, পিডিবি দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী রইচ উদ্দিন সরকারসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৮১২ ঘ.
bdnews24