ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েত সরকার বাংলাদেশের তেল পরিশোধন শিল্পে বিনিয়োগের কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নজরুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুয়েত তাদের বিনিয়োগ ইউরোপ থেকে এশিয়ায় স্থানান্তর করছে। এক্ষেত্রে বাংলাদেশকে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
“বাংলাদেশ সফররত তিন সদস্যের কুয়েতি প্রতিনিধি দলের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, জনশক্তি রপ্তানি ও অন্যান্য বিষয়ে আমরা আলোচনা করেছি”, বলেন তিনি।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া অঞ্চলের মহাপরিচালক মোহাম্মদ আহমদ আল-মেজরেন আল-রুমির নেতৃত্বে এই প্রতিনিধি দলটি তিন দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছায়।
নজরুল ইসলাম বলেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং এশিয়ার অন্যান্য দেশে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ রয়েছে।
তিনি জানান, বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ এবং তৈরি পোশাক, ওষুধ, পাট ও চামড়াজাত পণ্য বাংলাদেশ থেকে আমদানি করতেও কুয়েতি প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
তবে কুয়েতের পক্ষ থেকে এদেশে বিনিয়োগের ক্ষেত্রে পরিবহন ও আমলাতান্ত্রিক জটিলতামুক্ত পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান।
জনশক্তি রপ্তানি
নজরুল ইসলাম বলেন, কুয়েতি প্রতিনিধি দল তাদের জানিয়েছেন যে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানিতে তাদের কোনো নিষেধাজ্ঞা নেই। তবে তারা দক্ষ জনশক্তি নিতে আগ্রহী।
কুয়েতের চিকিৎসক, প্রকৌশলী ও নার্স প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
কুয়েতি মহাপরিচালক গত ৩০ এপ্রিল কুয়েত বিমানবন্দর থেকে ফেরত পাঠানো বাংলাদেশিদের সে দেশে প্রবেশের অনুমতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছেন বলে জানান নজরুল।
কাজের বৈধ কাগজপত্র থাকলেও ত্র“টিপূর্ণ পাসপোর্টের কারণে ওই ৮১ জন বাংলাদেশিকে কুয়েত বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
উপসাগরীয় দেশ কুয়েতে বর্তমানে ২ লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/জেকে/২২১০ ঘ.
bdnews24