ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি এড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়ার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ২০১২-১৩ অর্থবছরের বাজেট নিয়ে পরামর্শক কমিটির সভায় তিনি এই অনুরোধ জানান।
এ কে আজাদ বলেন, “আমরা সবাই জানি হরতালসহ সংঘাতময় রাজনৈতিক কর্মসূচি দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি করে। আমরা ব্যবসায়ী স¤প্রদায় এ ধরনের কর্মসূচি চাই না।”
এ সময় তিনি ‘গুরুত্ব বিচারে’ অর্থমন্ত্রীকে ‘সরকারের দ্বিতীয় ব্যক্তি’ হিসাবে সম্বোধন করেন।
আজাদ বলেন, “আমি আপনাকে অনুরোধ করব, আপনি সরকারের সিনিয়র একজন মন্ত্রী, আমি মনে করি, আপনি সরকারের দ্বিতীয় ব্যক্তি। আমার অনুরোধ, আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দেশের সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি নিরসনে সবার সঙ্গে আলোচনা করে একটি সম্মানজনক সমাধানের পথ খুঁজে বের করবেন।”
গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বৃহস্পতবার সারাদেশে হরতাল করছে বিরোধী দল।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত মাসেও দুই দফায় পাঁচ দিন হরতাল করে বিএনপি।
এফবিসিসিআই এর আগে হরতাল না করার আহ্বান জানিয়ে বিরোধী দলের উদ্দেশ্যে বিবৃতিও দিয়েছে।
রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসার অনুরোধ জানিয়ে পোশাক তৈরি ও রপ্তানীকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সভায় বলেন, “সব রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছানো ছাড়া অর্থনীতির চাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না।”
তৈরি পোশাক শিল্পের সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গুজবের মাধ্যমে এ খাতে অস্থিরতার সৃষ্টি করা হচ্ছে। মারা যায়নি, অথচ মৃত্যুর গুজব ছড়িয়ে একটি মহল নৈরাজ্য সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে এ শিল্প সঙ্কটের মুখে পড়বে।”
প্রতি বছর বাজেটের আগে এফবিসিসিআই এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই পরামর্শক কমিটির সভা আয়োজন করে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের মাধ্যমে এবিআরের কাছে তাদের সুপারিশ পাঠায়। এসব সুপারিশ নিয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে পরামর্শক সভায় বিস্তারিত আলোচনা হয়। এ আলোচনায় গুরুত্ব পাওয়া বিষয়গুলো বিবেচনায় নিয়েই বাজেট প্রস্তাব চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়।
আগামী ২৭ মে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। আর ৭ জুন অর্থমন্ত্রী ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএমআর/জেকে/১২০৫ ঘ.
bdnews24