২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংকের ‘ভবিষ্যৎ নির্ধারণে’ কমিশন

গ্রামীণ ব্যাংককে সরকারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অধীনে নেওয়ার বিষয়েও সুপরিশ করবে এই কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের অপসারণের ১৪ মাস পর গ্রামীণ ব্যাংকের ‘ভবিষ্যৎ নির্ধারণে’ একটি কমিশন গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে। সাবেক সচিব মো. মামুনুর রশিদকে প্রধান করে গঠিত এই কমিটিতে সদস্য হিসাবে আছেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও মোসলেহ উদ্দিন আহমেদ। পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর মহাপরিচালক ড. এম এ কামাল এই কমিশনে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গ্রামীণ ব্যাংক পরিচালনা ক্ষেত্রে দুর্বলতা ও বাধাগুলো খুঁজে বের করা, এই প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, গ্রামীণ ব্যাংকের লক্ষ্য-উদ্দেশ্য ও আইনি কাঠামো এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড পর্যালোচনা করা, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে সদস্য নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা এবং কীভাবে এই ব্যাংকে সরকারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অধীনে নেওয়া যায়- সে বিষয়ে সুপরিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিশনকে। বিষয়গুলো পর্যালোচনা করে কমিশন তিন মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দেবে। ২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে। এরপর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। গ্রামীণ ব্যাংক ও সহযোগী সংস্থাগুলোর কার্যক্রমে নানা অসঙ্গতির তথ্য উঠে আসে ওই কমিটির প্রতিবেদনে। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক গত বছর ২ মার্চ অনুমোদন না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে ইউনূস উচ্চ আদালতে গেলেও তা খারিজ হয়ে যায়। ইউনূসের ব্যাপারে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দাতা সংস্থার চাপ থাকলেও সরকার গত এক বছর ধরেই তাকে গ্রামীণ ব্যাংকে না ফেরানোর সিদ্ধান্তে অটল থাকে। ব্যাংকের জন্য একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে ইউনূসের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাবও চলতি বছরের শুরুতে খারিজ করে দেয় সরকার। বর্তমানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান ভারপ্রাপ্ত এমডি হিসাবে দায়িত্ব পালন করছেন। চলতি মাসের শুরুতে দুই দিনের সফরে ঢাকায় এসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক অনুষ্ঠানে বলেন, গ্রামীণ ব্যাংকে ইউনূসের পদ নিয়ে ‘বিরোধের’ বিষয়টি তিনি ওয়াশিংটন থেকে লক্ষ্য করেছেন। তিনি আশা করেন, সরকার এমন কিছু করবে না যাতে গ্রামীণ ব্যাংকের উন্নতি বাধাগ্রস্ত হয়। তার ওই বক্তব্যের সমালোচনায় গত ৮ মে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, হিলারি যাই বলুন না কেন, সরকার আগের অবস্থানেই আছে। ইউনূসকে অপসারণের পর গত এক বছরে গ্রামীণ ব্যাংকের কোথাও কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৩০৭ ঘ.