২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীমা খাতকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী

দেশে বীমা খাত অনিয়ন্ত্রিভাবে গড়ে উঠেছে স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এখন একে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 05:50 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বীমা খাত অনিয়ন্ত্রিভাবে গড়ে উঠেছে স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এখন একে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সোমবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জীবন বীমা কর্পোরেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, “বীমা শিল্প এ দেশে যখন ব্যাপকভাবে বিস্তৃতি পেতে শুরু করে তখন এটা মোটেই রেগুলেটরি রিজিউমের মধ্যে যায়নি। এটা অনিয়ন্ত্রিত খাত হিসেবে গড়ে উঠে। এই কারণে বীমা খাতে নৈতিকতার অভাব রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “অনিয়ন্ত্রিত খাত হিসেবে এই শিল্প গড়ে উঠেছে, এখন চেষ্টা করছি, এটাকে রেগুলেটরি রিজিউমের মধ্যে আনার।” তিনি বলেন, এই খাতে আইন প্রতিপালিত হয় না, দুঃখের বিষয় কিন্তু এটা সত্য। স্বাস্থ্য বীমাসহ আরো নানা ধরনের বীমার ব্যবস্থা করা হলেও তার উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলেও স্বীকার করেন অর্থমন্ত্রী। “শস্য বীমার ক্ষেত্রেও অনেক চেষ্টা করেছি, কিন্তু সেখানেও অগ্রগতি অত্যন্ত সীমিত,” বলেন তিনি। তবে দেশের বৃহত্তর জনগোষ্ঠী কৃষকদের জন্য বীমা চালু করা যায় কি না, তা বিবেচনা করতে এ খাত সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ দেন তিনি। জীবন বীমার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার থেকে ১২ মে পর্যন্ত কয়েকটি সেবা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে অনুষ্ঠানে জানান রাষ্ট্রায়াত্ত একমাত্র এই বীমা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পরীক্ষিৎ দত্ত চৌধুরী। কর্মসূচির মধ্যে রয়েছে- গত পাঁচ বছরের তামাদি পলিসি পুনরুজ্জীবিত করা, ২০১০ সালের নবায়ন প্রিমিয়াম দিতে ব্যর্থ বীমাগ্রাহকদের বিলম্ব ফি মওকুফ করে তা ৩০ জুন পর্যন্ত জমা দেওয়ার সুবিধা, ২০১১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত জমা দেওয়া সব নবায়ন প্রিমিয়াম অনলাইন ব্যবস্থায় হালনাগাদ করা এবং গ্রাহক বরাবর রশিদ পাঠানো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২৩৪১ ঘ.