ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ হয়ে যাওয়া আশুলিয়ার পোশাক কারখানাগুলো সোমবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পোশাক তৈরি ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।
স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয় সংগঠনের নেতারা।
সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ ও ভাঙচুরের পর রোববার সন্ধ্যায় বিজিএমইএ কনফারেন্স কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে আগে আমাদের সিদ্ধান্ত ছিলো কারখানাগুলো বন্ধ রাখা হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কারখানার নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পেয়ে সোমবার থেকেই সেগুলো চালু করার সিদ্ধান্ত নিয়েছি।”
যে কোন সমস্যায় পোশাক শ্রমিকদের আলোচনায় বসারও আহ্বান জানান তিনি।
এক শ্রমিককে পুলিশে দেওয়ার ঘটনায় শনিবার হা-মীম গ্র“পের প্যাকেজিং কারখানা আর্টিস্টিকের শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এক পর্যায়ে অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পালাতে গিয়ে গাড়ি চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
তৈরি পোশাক শিল্প শ্রমিকদের এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সংঘর্ষের সময় ওপেক্স সোয়েটার লিমিটেডের নাহার নামে ওই শ্রমিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি শফিউল বলেন, “একটি দুর্ঘটনাকে হত্যা বানানোর চেষ্টা চলছে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সাবেক সভাপতি সালাম মুর্শেদী, বিটিএমইএ সভাপতি জাহাঙ্গীর আলামিন, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২১৫৭ ঘ.
bdnews24