ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশুলিয়ায় গত দুই দিনে পোশাক শিল্পে অস্থিরতায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে উদ্বেগ জানিয়েছেন পোশাক শিল্প মালিকরা।
রোববার সচিবালয়ে গিয়ে সাহারা খাতুনের সঙ্গে দেখা করেন বিজিএমইএ নেতারা।
শিল্প মালিকরা পোশাক শিল্পে উৎপাদনের গতি ধরে রাখার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের একটি কারখানায় এক শ্রমিকের মৃত্যুর গুজবে শনি ও রোববার আশুলিয়ায় পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষে এক জন নিহত এবং বহু আহত হয়েছে।
মন্ত্রীর সঙ্গে দেখা করার পর বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দু’দিনে আশুলিয়ায় গার্মেন্টস শিল্পে যা ঘটেছে, তা এ শিল্পের জন্য মঙ্গলজনক নয়।
“আমরা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।”
মহিউদ্দিন বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সমস্যাগুলোর কথা শুনেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪০ ঘ.
bdnews24