ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদন বেশি হলেও দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশ থেকে খাদ্যশস্য রপ্তানি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে রোববার সার্ক ফুড ব্যাংকের বোর্ড সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এজন্য যেকোনো মুহূর্তে দুর্যোগ হলে আমরা খাদ্য নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে পড়তে পারি। তাই দেশীয় উৎপাদন থেকে খাদ্যশস্য রপ্তানির ব্যাপারে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না। খাদ্যশস্য রপ্তানির বিষয়ে বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন।”
চলতি মৌসুমে দেশে বোরোর ভালো উৎপাদন হওয়ায় কৃষকরা ধানের দাম পাচ্ছেন না। এ অবস্থায় সরকার ধান ও চাল রপ্তানির সিদ্ধান্ত নেবে কী না, এ প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।
সার্ক ফুড ব্যাংক পরিচালনা বোর্ডের সদস্যসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা এবং সার্কভূক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
আগামী জুলাই মাসে সার্ক ফুড ব্যাংকের মন্ত্রীপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সার্ক ফুড ব্যাংককে কার্যকর করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে প্রস্তুতি হিসেবে এ বোর্ডসভা অনুষ্ঠিত হচ্ছে বলে কর্মকর্তারা জানান।
অনুষ্ঠানের বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পক্ষে এককভাবে দেশীয় উৎপাদন থেকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। প্রতিটি দেশকেই খাদ্যশস্য আমদানি করতে হয়। এ অবস্থায় এ অঞ্চলের দেশগুলোকে আন্ত:-আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র আরো স¤প্রসারিত করতে হবে।
তিনি বলেন, সার্ক ফুড ব্যাংক কার্যকর হলে এ সহযোগিতা আরো বাড়ানো সম্ভব হবে। যা এ অঞ্চলের খাদ্যশস্যের বাজারের স্থিতিশীল রাখতে কার্যকর ভূমিকা পালন করতে পারে।
খাদ্যসচিব বরুণ দেব মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় সার্ক সচিবালয়ের পরিচালক তারেক মুহাম্মদ, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খন্দকার আতিয়ার রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক শাখার মহাপরিচালক সৈয়দ মাসুদ মুহাম্মদ খন্দকার বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬২১ ঘ.
bdnews24