ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে আসন্ন বাজেট অধিবেশনে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।
শনিবার বাজেট নিয়ে এক কর্মশালায় তিনি বলেন, “বিরোধীদল না থাকলে বাজেট আলোচনা অর্থহীন। তারা (বিরোধীদল) অভিযোগ করছে, দেশের অর্থনীতিতে সংকট চলছে। যদি তারা এটা মনে করে থাকে তবে তাদের দায়িত্ব হবে সংসদে এসে বিষয়গুলো তুলে ধরা।”
“এবং এটা তাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। বিরোধীদলের যদি একজন সদস্য থাকতো তাহলেও তাদের সংসদে যাওয়া উচিৎ বলে আমি মনে করি,” বলেন তিনি।
আগামী ২৭ মে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ৭ মে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট পেশ করবেন।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) যৌথভাবে কর্মশালার আয়োজন করে।
আকবর আলি খান বলেন, “আমাদের বাজেট প্রণয়ন পদ্ধতি ত্রুটিপূর্ণ। বাজেটে এমপি সাহেবদের ভূমিকা তেমন নেই। বাজেট পেশের পর ১৮ থেকে ২৪ দিন এর ওপর আলোচনার সুযোগ থাকে। এই তিন সপ্তাহ সময়ে অর্থবহ আলোচনা সম্ভব নয়। কমপক্ষে ছয় সপ্তাহের প্রয়োজন।”
তিনি বলেন, “সরকারি দলের সংসদ সদস্যরা বাজেটের ওপর গঠনমূলক আলোচনা না করে সরকারের প্রশংসাই করেন। সরকার তার নির্বাচনী ইশতেহারে কী কী ওয়াদা করেছিল, তার মধ্যে কোনটা বাস্তবায়ন করেছে, কোনগুলো বাস্তবায়ন করেনি বা করতে পারেনি- সেসব বিষয়ে কোনো আলোচনা করেন না। এ সব বিষয় নিয়ে কথা বলার জন্য বিরোধী দলের সংসদে আসা উচিৎ।”
সরকারের নির্বাচনী ওয়াদাগুলোর কী অবস্থা- সে বিষয়ে প্রতিবেদন প্রকাশ করতে উপস্থিত সাংবাদিকদের আহ্বান জানান আকবর আলি।
বাংলাদেশের মতো দেশে ভ্যাট (মূল্য সংযোজন কর) ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “আমাদের মোট রাজস্বের একটি বড় অংশ আসে ভ্যাট থেকে। আগামী বাজেটে এ খাত থেকে আরও বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে বলে ইতিমধ্যেই আভাস দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে দেশের মানুষের ওপর করের বোঝা আরও বাড়বে।”
“যে দেশের ৬০/৭০ শতাংশ লোক অশিক্ষিত সে দেশে ভ্যাট উপযুক্ত নয়,” মন্তব্য তার।
তিনি বলেন, “দেশের অর্থনীতি ‘সংকট বা অসুস্থ’ এমন মন্তব্য করে আমরা (অর্থনীতিবিদ) সরকারের যে সমালোচনা করি তা সরকারের ভালোর জন্যই করে থাকি। কিন্তু আমাদের এ সব মন্তব্য সরকারের খুব একটা পছন্দ হয় না। অথচ এ সব বিষয়গুলো স্বীকার করে নিয়ে সরকার যখন আইএমএফের কাছে হাত (ঋণের জন্য) পাতছে, তখন কিন্তু রাবিশ বা ননসেন্স প্রসঙ্গটি আসছে না।”
রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘বাজেট রিপোর্টিং এন্ড ইনভেস্টমেন্ট’- শীর্ষক এ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।
মাঝে তিনটি কর্ম অধিবেশনে বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এম এ তসলিম, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আমিনুর রহমান ও সেন্টার ফর পলিসি ডায়লগের গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইআরএফের সভাপতি খাজা মাঈনউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি ও আইএফসি- বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস তৌহিদ ফিরোজ।
দিনব্যাপী এ কর্মশালায় দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার ৬০ জন অর্থনীতি বিষয়ক রিপোর্টার অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/১৯৩৪ ঘ.
bdnews24