২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চয়পত্রে আগ্রহ নেই ব্যাংকগুলোর

সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকগুলো নিরুৎসাহিত করছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অভিযোগ করেছে গ্রাহকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 06:20 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকগুলো নিরুৎসাহিত করছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অভিযোগ করেছে গ্রাহকরা। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারে বলেছে, সরকার বিভিন্ন প্রকার সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর পরও এর বিক্রি আশানুরূপ বাড়েনি। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, বিভিন্ন পর্যায়ের গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, তফসিলী ব্যাংকগুলোর শাখা সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্তিতে থাকার পরও গ্রাহকদের নানা প্রক্রিয়ায় সঞ্চয়পত্র বিক্রিতে নিরুৎসাহিত করছে। ২ মে ইস্যু করা সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সহযোগিতা প্রদানসহ দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যথাযথ অংশগ্রহণের সুযোগ দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়। তবে এই সার্কুলার ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে বৃহস্পতিবার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) মাত্র ২১ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত অর্থবছরের এ সময়ে বিক্রির পরিমাণ ছিল দুই হাজার ৬৩৭ কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি বাড়াতে চলতি বাজেটে সুদের হার এক থেকে দেড় শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। এরপরও বিক্রি না বাড়ায় গত মার্চ মাস থেকে দেড় থেকে তিন শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/সিএস/২৪০৫ ঘ.