ঢাকা, মে ০৮ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আগামী এক বছরের মধ্যে ভূমিহীন দরিদ্র তিন হাজার মুক্তিযোদ্ধার আবাসনের ব্যবস্থা করবে।
এ লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষেদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ২২৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে।
উপজেলা পর্যায়ে নির্মিতব্য প্রতিটি বাড়ির আয়তন হবে পাঁচশ বর্গফুট।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠকে প্রকল্পটি অনুমোদিত হয়।
‘ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির কার্যপত্রে বলা হয়েছে, এর আওতায় এক হাজার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে আয়বর্ধক কর্মকাণ্ডে প্রশিক্ষণ দেওয়া হবে।
২০১৩ সালের জুন নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে। এটি সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়িত হবে।
দেশে বর্তমানে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখেরও বেশি। মুক্তিযোদ্ধাদের অনেকেই অর্থাভাবে চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে বলে পত্রপত্রিকাতে খবর বেরিয়েছে।
একনেক বৈঠক শেষে পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম এ প্রকল্পসহ অন্য প্রকল্পগুলো অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি জানান, বৈঠকে মোট দুই হাজার ৯৭২ কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এরমধ্যে এক হাজার ৮৭০ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে। বাকি এক হাজার ১০২ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে।
‘দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন প্রভাব সহন প্রকল্প’
বৈঠকে এক হাজার ৩৮ কোটি টাকার ‘বিশ্বখাদ্য কর্মসূচির সহায়তায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন প্রভাব সহন প্রকল্প’ নামের একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
প্রকল্পের আওতায় দেশের ১২ জেলার ৪৪ উপজেলার দুই লাখ ৪০ হাজার দরিদ্র মানুষকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, স্থানীয় পরিকল্পনা, পুষ্টি, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে ছয় মাসের প্রশিক্ষণ দেয়া হবে বলে প্রকল্পের কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
এদের মধ্যে প্রতি বছর ৮০ হাজার লোককে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ১০০ দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্য থেকে ৮০ হাজার দু:স্থ মহিলা নির্বাচন করে তাদের প্রত্যেককে এককালীন ১৫ হাজার টাকা আয়বর্ধক মঞ্জুরি হিসেবে সহায়তা প্রদান করা হবে।
কুড়িগ্রাম, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার ৪৪ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রকল্প ব্যয়ের ৫০ শতাংশ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কাছ থেকে পাওয়া যাবে।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অন্যান্য মন্ত্রী, উপদেষ্টা এবং সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পাঁচ প্রকল্প অনুমোদন
বৈঠকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে- ৩৬০ কোটি টাকার মিরপুর-এয়ারপোর্ট সড়কে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প, ১৩০ কোটি টাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল প্রকল্প, ৫২৮ কোটি টাকার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ২৭৫ কোটি টাকার মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর সড়কের আঁড়িয়াল খাঁ নদীর উপর ৭ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুসহ আরও ৩টি সেতু নির্মাণ প্রকল্প এবং ৪১৩ কোটি টাকার বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা সেতু নির্মাণ প্রকল্প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২০৫০ ঘ.
bdnews24