২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিপের বাকি কর্মকর্তাদেরও গ্রেপ্তারের দাবি

মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউর এমডি ও জিএমের পর বাকি কর্মকর্তাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির সাধারণ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউর এমডি ও জিএমের পর বাকি কর্মকর্তাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির সাধারণ সদস্যরা। মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যসোশিয়েশনে সংবাদ সম্মেলন করে ইউনিপে মেম্বার্স ক্লাবের সদস্যরা এ দাবি জানান। ২৪ ঘণ্টার মধ্যে মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা করা হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়ক অবরোধের হুমকি দেন তারা। মোহাম্মদপুর থানা পুলিশ রোববার ভোরে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির ইমন এবং লালবাগ এলাকা থেকে মহা ব্যবস্থাপক (জিএম) মো. জামশেদুর রহমানকে গ্রেপ্তার করে। অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হওয়া ইউনিপেটুইউর এই দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। সংবাদ সম্মেলনে ইউনিপে মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বক্তিয়ার আসাদ লিখিত বক্তব্যে বলেন, “এমডি মুনতাসির ইমন ও জিএম জামশেদুর রহমান ছাড়াও আরও একশ জন এজেন্ট ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তারা সদস্যদেরকে নানা ভাবে হুমকি দিচ্ছে।” তাদের দ্রুত গ্রেপ্তার ও ইউনিপেটুরইউর কাছে সদস্যদের পাওনা টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান তিনি। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ইমন ও জামশেদ আইনের ফাঁক গলে বের হয়ে যাবে বলেও আশঙ্কা করছেন সদস্যরা। গ্রেপ্তারের পর মুনতাসির ইমন সাংবাদিকদের বলেন, তিনি গ্রাহকদের কাছ থেকে যে সাড়ে ১২শ’ কোটি টাকা সংগ্রহ করেছিলেন তা জমা করা হয় তিনটি ব্যাংক হিসাবে। বর্তমানে ব্যাংকে ইউনিপেটুইউর নামে ৪১৯ কোটি টাকা থাকলেও সরকার তা জব্দ করেছে। ২০১০ সালের শেষ দিকে ইউনিপেটুইউর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলে ওই প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা রাস্তায় নামে। এরপর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দিয়ে এমএলএম ব্যবসাকে একটি নীতিমালার মধ্যে আনার উদ্যোগ নেয় সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৪৫৬ ঘ.