ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন ফ্রিৎজফ রাস্তেন।
মঙ্গলবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রিৎজফ রাস্তেন এর আগে টেলিনর হাঙ্গেরিতে সিএফও হিসেবে কর্মরত ছিলেন। ওই একই প্রতিষ্ঠানে এর আগে প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে অর্থায়ন, বাজারজাতকরণ ও কৌশল প্রণয়ন নিয়ে ২২ বছরেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা আছে তার।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসেন নতুন সিএফও ফ্রিৎজফকে স্বাগত জানিয়ে বলেন, “টেলিকম খাতের বাণিজ্যিক ও আর্থিক ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা গ্রামীণফোনে নতুন গতি সঞ্চার করবে এবং বাংলাদেশের প্রতিযোগিতামূলক বাজারে গ্রামীণফোনকে লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১০৫৬ ঘ.
bdnews24