ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদন ভালো হওয়ায় এবং ফসলের দাম নিয়ে কৃষকরা ঝুঁকিতে থাকায় সরকার মোটা চাল রপ্তানির চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে সোমবার ‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক’ এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক বলেন, কয়েক বছর ধরে দেশে ধানের উৎপাদন ভাল। গুদামের ধারণ ক্ষমতা কম বলে সরকার পর্যাপ্ত চাল সংগ্রহ করতে পারে না। এতে উৎপাদিত ফসলের দাম না পেয়ে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই সরু চাল রপ্তানির পাশাপাশি মোটা রপ্তানির বিষয়ে বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন।
খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতিমালার জন্য গবেষণার তথ্য প্রকাশ উপলক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) এবং ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেনদেনিং প্রোগ্রাম (এনএফপিসিএসপি) দু’দিনব্যাপি এ কর্মশালার আয়োজন করে।
খাদ্যমন্ত্রী বলেন, সরকার কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গত আউশ ও আমন ধানের ফলন ভাল হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে, এ বছরেও বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। উৎপাদন ভাল হলে কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়া ঝুঁকিতে পড়ে।
খাদ্য সচিব বরুণ দেবমিত্রের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি দমিনিক বার্জন, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, ইউরোপীয় ইউনিয়নের হেড অভ ডেলিগেশন মিলকো ভ্যান গুল, এফপিএমইউর মহাপরিচালক নাসের ফরিদ ও এনএফপিসিএসপির প্রধান কারিগরি উপদেষ্টা সিরো ফিওরিলো।
কর্মশালায় খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও খাদ্য বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৮০১ ঘ.
bdnews24