আল ইমরান শোভন ও মিন্টু চৌধুরী
চাঁদপুর/চট্টগ্রাম, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো মৌসুমে ধান-চাল কেনার সরকারি আদেশ পায়নি চট্টগ্রাম খাদ্য বিভাগ।
মন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে ৩ মে সারা দেশে বোরো মৌসুমের ধান চাল কেনা শুরু হয়।
এর পাঁচ দিন পর সোমবার বিকালে চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এটিএম ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খাদ্য অধিদপ্তর থেকে এখনও এ সংক্রান্ত নির্দেশনা আসেনি।”
ধান-চাল কেনার জেলাভিত্তিক লক্ষ্যমাত্রা কেন্দ্র থেকে না পাওয়ায় জেরাগুলোকেও ক্রয় সংক্রান্ত কোনো নির্দেশ পাঠানো হয়নি বলে জানান তিনি।
এর আগে ঢাকা বিভাগের নেত্রকোনায়ও নির্দেশনা না পাওয়ার খবর আসে, যা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশ হয়।
গত ৩০ এপ্রিল খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় ৩ মে থেকে সরকারি উদ্যোগে ধান-চাল কেনা শুরুর সিদ্ধান্ত হয়।
ব্যয় বিবেচনায় তিন টাকা লাভ ধরে ২৮ টাকা কেজি দরে চাল এবং ১৮ টাকায় ধান কেনার সিদ্ধান্ত নেয় সরকার, যে কার্যক্রম আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এদিকে, চাঁদপুর খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্দেশ পাওয়ার পর ধান-চাল সংগ্রহের কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হবে। এরপর কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হবে।
‘চিঠি আসার পর এ কার্যক্রম শুরু হতে কমপক্ষে দু’সপ্তাহ সময় লাগবে’ বলে মন্তব্য করেন এই খাদ্য কর্মকর্তা।
জেলা খাদ্য বিভাগ জানায়, চাঁদপুরে এবার ৬৫ হাজার ৯শ’ ৭০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।
মনিরুজ্জামান জানান, কৃষকদের কাছ থেকে ধান এবং মিলগুলো থেকে চাল সংগ্রহ করা হবে। কৃষকরা জেলা খাদ্য অফিসে এসে তাদের ধান বিক্রি করতে পারবেন।
বোরো ধান-চাল কেনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কয়েকজন কৃষক।
কৃষক মুসলিম বেপারী (৫০)ও জাহাঙ্গীর আলম সরকার (৪০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণমাধ্যম থেকে সরকারের ধান-চাল কেনার কথা জানতে পারলেও জেলার সংশ্লিষ্ট বিভাগ কোনো প্রচার-প্রচারণা চালায়নি।
তাই ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন তারা।
চাঁদপুরে ১৯টি অটো রাইচ মিল রয়েছে। তারই একটি পুরানবাজার এলাকার মেসার্স রূপালী অটো রাইচ মিলস্।
এর পরিচালক মো. শাহ আলম (বাদশা) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিলগুলোতে অল্প পরিমাণে ধান উঠতে শুরু করেছে।
কৃষক জাহাঙ্গীর জানান, প্রতি মণ ৪/৫শ’ টাকা দরে ব্যবসায়ীরা তাদের কাছ থেকে ধান কিনে নিতে চাচ্ছে।
“এই দামে ধান বিক্রি করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে,” বলেন এই কৃষক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৪১ ঘ.
bdnews24