ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান অর্থবছরে সরকারের ব্যাংক ঋণ নিয়ে ব্যাপক আলোচনার প্রেক্ষাপটে আগামী অর্থবছরে তা কমানোর সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি।
কালো টাকা সাদা করার সুযোগ না দিতেও অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের যুক্তি, এই সুযোগ দেওয়া হলে পরবর্তী সাধারণ নির্বাচনের আগে অনেকেই তা নেবে এবং তা নির্বাচনে ব্যবহার হবে।
আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটের জন্য একটি সুপারিশমালা সোমবার উপস্থাপন করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি। আগামী ৭ জুন অর্থমন্ত্রী সংসদে বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন।
ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া বেড়ে যাওয়ায় বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন সিপিডির সাবেক নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য্য। তিনি বলেন, “সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়া বাড়ানোয় সম্প্রতি বেসরকারি বিনিয়োগে ধীরগতি দেখা দিয়েছে।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে অর্থ্যাৎ ১ এপ্রিল পর্যন্ত সরকারের ব্যাংঋণের পরিমাণ ১৬ হাজার ৩১৮ কোটি ৪১ লাখ টাকা।
২০১০-১২ অর্থবছরের প্রথম নয় মাসে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ছিল ৬ হাজার ৬১৬ কোটি ৪৬ লাখ টাকা।
উন্নয়ন কর্মসূচির জন্য বৈদেশিক সহায়তা আনার প্রচেষ্টা বাড়ানোর ওপরও জোর দিয়েছে সিপিডি।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “বিদেশি ঋণ সহায়তা কম ছাড় হওয়াটা অর্থনীতির ওপর প্রভাব ফেলেছে। এতে লেনদেনের ভারসাম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূলস্ফীতি ও ব্যাংকঋণের ওপর প্রভাব পড়ছে। আমাদের বিদেশি ঋণ সহায়তার প্রবাহ বাড়াতে হবে।”
কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিরোধিতা করে দেবপ্রিয় বলেন, “এটা শুধু অনৈতিকই নয়, আবেগি ভুল সিদ্ধান্ত। যদি এরপরও সরকার এ সুযোগ দেয় তবে তাদেরকেই নিশ্চিত করতে হবে যে কেউ অপ্রদর্শিত অর্থ সাদা করার পর তা যেন নির্বাচনে খরচ করতে না পারে।”
“আমরা আগামী বছর একটা নির্বাচন পাচ্ছি। নির্বাচনে খরচ করার জন্য অনেকেই কালো টাকা সাদা করার সুযোগ নেবে,” বলেন তিনি।
সরকারের নতুন নয়টি ব্যাংকের অনুমোদনের বিষয়ে দেবপ্রিয় বলেন, “ব্যাংকের উদ্যোক্তারা যেন অবৈধ পথে মূলধন সংগ্রহ না করতে পারে, তা বাংলাদেশ ব্যাংকের খেয়াল রাখতে হবে।”
সিপিডির গবেষণা বিভাগের প্রধান ফাহমিদা খাতুন বলেন, “সরকারের উচিত সব বিও অ্যাকাউন্টধারীর ক্ষেত্রে টিআইএন নম্বর থাকাটা বাধ্যতামূলক করা।
ফিনান্সিয়াল রিপোর্টিং আইন বাস্তবায়নে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৫৫৮ ঘ.
bdnews24