২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারির সফরে টিআইসিএফএ চুক্তি ‘অনিশ্চিত’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরের সময় ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা চুক্তি (টিআইসিএফএ) হবে কিনা তা নিশ্চিত করেননি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 09:41 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরের সময় ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা চুক্তি (টিআইসিএফএ) হবে কিনা তা নিশ্চিত করেননি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “টিআইসিএফএ চুক্তি বিষয়ে আমাদের মধ্যে সামান্য মতপার্থক্য রয়েছে। তবে এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছি, সে কথা বলতে পারি।” তিনি জানান, প্রতিটি চুক্তির ক্ষেত্রে কিছু প্রক্রিয়া আছে। এ প্রক্রিয়ার এ পর্যায়ে এসে চুক্তিটি সই হবে কিনা তা যেমন তিনি নিশ্চিত করতে পারছেন না, তেমনি চুক্তি হওয়ার সম্ভবনা উড়িয়েও দিতে পারছেন না। দুই দিনের সফরে আগামী শনিবার বাংলাদেশে আসছেন হিলারি ক্লিনটন। গত দুই বছর ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। ভবিষ্যতে ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে বিরোধ নিরসন ও পরামর্শের ভিত্তি ধরা হচ্ছে এ চুক্তিকে। পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা ও যুক্তরাষ্ট্রের বাজারে অবাধ প্রবেশের দাবি জানানো হবে। এছাড়া ‘মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্ট’ এর সদস্যপদ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা চাওয়া হবে। বঙ্গবন্ধুর খুনিকে হস্তান্তরের দাবিও জানাবে বাংলাদেশ। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। যৌথ ঘোষণা পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, উভয় দেশই যৌথ ঘোষণার খসড়ার ওপর কাজ করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় খসড়াটির চূড়ান্ত রূপ হাতে পাওয়া গেলে তা স্বাক্ষরিত হবে। দীপু মনি বলেন, “আমরা কিভাবে সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি তার প্লাটফর্ম হিসেবে কাজ করবে এই যৌথ ঘোষণা।” বিষয়টি ব্যাখা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই যৌথ ঘোষণার ফলে দু দেশের পররাষ্ট্রমন্ত্রী যেমন নিয়মিত বৈঠক করবেন, পররাষ্ট্র সচিব পর্যায়েও আলোচনা হবে।” মানবাধিকার পরিস্থিতি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি নেতা ইলিয়াস আলির নিখোঁজের বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে দীপু মনি জানান, তিনি একজন রাজনীতিবিদ হওয়ায় বিষয়টি উদ্বেগের। পরারাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকারের পক্ষে যা কিছু সম্ভব সবই করা হচ্ছে। বিষয়টি সমাধান করতে সবার কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে এমনটিই প্রত্যাশা করছি।” “প্রতিটি দেশেই অপরাধ সংগঠিত হয়ে থাকে। বিষয়টি সে দৃষ্টিকোণ থেকে দেখতে হবে”, যোগ করেন তিনি। তার দাবি, “অনেক দেশের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি ভাল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমডি/এসইউ/১৫৩৩ ঘ.