২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই ও সিএসই দল যাবে লন্ডন মেলায়

পুঁজিবাজারে প্রবাসীদের টানতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমানের নেতৃত্বে একটি বড় প্রতিনিধিদল লন্ডন পুঁজিবাজার মেলায় অংশ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে প্রবাসীদের টানতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমানের নেতৃত্বে একটি বড় প্রতিনিধিদল লন্ডন পুঁজিবাজার মেলায় অংশ নেবেন। আগামী ২৭ মে থেকে লন্ডন মুসলিম সেন্টারে আয়োজিত এ মেলা চলবে ২৯ মে পর্যন্ত। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতির নেতৃত্বে অন্য একটি প্রতিনিধিদলও এতে অংশ নেবেন বলে জানিয়েছেন রকিবুর রহমান। প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহিত করতে লন্ডনে তিনদিনের এই মেলার আয়োজন করছে যুক্তরাজ্যভিত্তিক কারি লাইফ ম্যাগাজিন গ্র“পের সহযোগী প্রতিষ্ঠান কারি লাইফ ইভেন্টস। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রকিবুর রহমান বলেন, “বুধবার ডিএসই’র পরিচালনা পর্ষদের বৈঠকে আমাদের একটি বড় প্রতিনিধিদলের লন্ডন পুঁজিবাজার মেলায় অংশ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আমরা ইতোমধ্যেই আমাদের সব সদস্যকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছি। তারা ইতিবাচক সাড়া দিয়েছেন। আশা করছি একটি ভালো প্রতিনিধি দল লন্ডন মেলায় অংশ নেবে।” তিনি বলেন, “প্রবাসীরা পুঁজিবাজারে বিনিয়োগ করতে খুবই আগ্রহী বলে আমরা জানতে পেরেছি। তাদের সে আগ্রহের কথা মাথায় রেখেই আমরা ওই মেলায় অংশ নিচ্ছি। আশা করছি ইতিবাচক ফল পাবো।” মেলায় ঢাকা স্টক এক্সচেঞ্জের ভূমিকা নিয়ে রকিবুর বলেন, “মেলায় আমাদের পুঁজিবাজারের বাস্তব অবস্থা তুলে ধরা হবে। সরকারের নেওয়া নানা পদক্ষেপ এবং আমাদের উদ্যোগের ফলে বাজার ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। সামনের দিনগুলোতে বাজার আরও ভালো হবে বলে আমরা আশা করছি। মেলায় প্রবাসী ভাইদের কাছে আমরা এ বিষয়টিই তুলে ধরবো।” বাজারে মৌলভিত্তিক ভালো শেয়ারের দাম এখনও অনেক কম মন্তব্য করে তিনি বলেন, “এ দামে শেয়ার কিনলে লোকসান হওয়ার কোনো আশঙ্কা নেই। এ বিষয়টিও আমরা তাদের সামনে তুলে ধরবো।” তিনি বলেন, “প্রবাসীদের (এনআরবি) জন্য নতুন কোম্পানির শেয়ার ছাড়ার কোটা (আইপিও) ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরইমধ্যে বিষয়টি নিয়ে আমরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। আশা করছি ইতিবাচক সিদ্ধান্তে আসতে পারবো।” “এটা হলে প্রবাসী বিনিয়োগাকারীরা বাজারের দিকে আরও আগ্রহী হবে,” বলেন রকিবুর। মেলার আয়োজক ইউকে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ বেলাল আহমেদ স¤প্রতি ঢাকা সফরের সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ফেয়ার-২০১২’ শিরোনামে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করা হবে। “বাংলাদেশে বিনিয়োগের সুফল নিয়ে প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের বাইরে এটাই সবচেয়ে বড় ধরনের পুঁজিবাজার মেলা।” মেলা নিয়ে ভালো সাড়া মিলছে জানিয়ে তিনি বলেন, “মেলার জন্য অনেক প্রতিষ্ঠান এর মধ্যেই নিবন্ধন করেছে।” সৈয়দ বেলাল আহমেদ বলেছেন, “মানুষ এখন আগ্রহী। বাজারে বেশ কিছু উৎসাহব্যঞ্জক লক্ষণ দেখা যাচ্ছে। আমি আশা করছি, একটি উল্লেখযোগ্য পরিমাণ টাকা এবার পুঁজিবাজারে ঢুকবে।” তিনি বলেন, “যুক্তরাজ্য প্রবাসীরা বুঝতে পারছে যে, এখনই বিনিয়োগের শ্রেষ্ঠ সময় এবং তারা ‘ভালো শেয়ার’ কম মূল্যে কিনতে চায়।” এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরাও তার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/২০৫৯ ঘ.