ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ব্যাংকিংয়ে জড়িত সন্দেহে তদন্তাধীন প্রতিষ্ঠান ডেসটিনির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা না করে ফিরিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার বিকাল ৪টার দিকে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ও উপদেষ্টা সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা অবসরপ্রাপ্ত লে. জেনারেল হারুন-অর রশীদসহ ডেসটিনির ৬/৭ জন কর্মকর্তা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে সচিবালয়ে তার দপ্তরে গিয়ে ফেরত আসেন।
ঘণ্টা খানেক সেখানে অপেক্ষা করেন তারা।
অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে সন্ধ্যায় তিনি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেক্টর কমান্ডার ফোরামের জেনারেল হারুন-অর রশীদের। ডেসটিনির কারো সঙ্গে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না। কিন্তু তার সঙ্গে ডেসটিনির লোকজনও এসেছিল। যেহেতু ডেসটিনির বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সে কারণে আমি তাদের সঙ্গে দেখা করিনি।”
“আমি যদি জানতাম ডেসটিনির লোকজন আমার সঙ্গে দেখা করতে আসবে, তাহলে আমি তাদের কোনো অবস্থাতেই অ্যাপয়েন্টমেন্ট দিতাম না। তদন্ত চলছে এমন কোনো প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে আমি দেখা করতে পারি না,” বলেন মুহিত।
কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিবেদন ধরে স¤প্রতি ডেসটিনি গ্র“পের বিরুদ্ধে অবৈধভাবে ব্যাংকিং চালানোসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। কয়েকটি সংবাদপত্র এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনও ছাপিয়েছে।
তাদের কার্যক্রম খতিয়ে দেখার কথা বলেছে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিও।
সপ্তাহ খানেক আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, ডেসটিনির কর্মকাণ্ড খতিয়ে দেখতে যুবকের মতো তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে।
তবে রোববার পর্যন্ত কোনো কমিশন গঠন করা হয়নি।
ডেসটিনি গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও তার স্ত্রীসহ গ্র“পের শীর্ষ পাঁচ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে স¤প্রতি চিঠি পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/২০৪২ ঘ.
bdnews24