২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দরপতনের কারণ গুজব রাজনৈতিক অস্থিতিশীলতা’

পুঁজিবাজারে দরপতনের জন্য গুজব ও রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে দরপতনের জন্য গুজব ও রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান। রোববার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বৈঠক শেষে দরপতনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত কয়েকদিন দেশ রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে এবং বাজারে বিভিন্ন গুজব রয়েছে।” রোববার ডিএসই সাধারণ সূচক ১৫২ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ১১ পয়েন্ট। গত আট কার্যদিবসে সাধারণ সূচক কমেছে প্রায় ৫০০ পয়েন্টের মতো। রকিবুর বলেন, “বাজার যদি কোম্পানির ফান্ডামেন্টাল দ্বারা পরিচালিত না হয়ে গুজব দ্বারা পরিচালিত হয়, তাহলে সেই বাজার অস্থিতিশীল হবেই।” এসইসির সঙ্গে পুঁজিবাজার স্থিতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে ডিএসই সভাপতি বলেন, “বিনিয়োগকারীরা যদি মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করেন এবং ধৈর্য্যরে সঙ্গে শেয়ার ধরে রাখেন, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে এবং গুজব কমলে তাদের লোকসান হবে না।” এ সময় এক সাংবাদিক রকিবুর রহমানকে প্রশ্ন করেন, “বাজারের সূচক সাড়ে ৫ হাজারে পৌঁছানোর পর আপনার ইঙ্গিতে বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও বিনিয়োগকারীরা নাকি শেয়ার বিক্রি করে দিয়েছে?” এ প্রশ্নের উত্তরে ডিএসই সভাপতি বলেন, “বাজার স্থিতিশীল করার জন্য আমরা আগ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিনিয়োগকারীদের জন্য একটি সহায়তা কেন্দ্র (হেল্প ডেস্ক) খোলার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সহায়তা কেন্দ্র থেকে বিনিয়োগকারীরা কোনও গুজবের যাচাই-বাছাই করতে পারবেন। “কোথা থেকে এবং কীভাবে গুজব ছড়ানো হচ্ছে তা ধরার চেষ্টা করছি আমরা। এছাড়া এসইসিকে আমরা বলেছি, বাজারে কেউ অনিয়ম করলে তাকে সঙ্গে সঙ্গে ধরতে হবে,” বলেন তিনি। পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে হাইকোর্টের রুলের জবাব বৃহস্পতিবারের মধ্যে দেওয়া হবে বলে জানান তিনি। পুঁজিবাজারের জন্য আগামী অর্থবছরের বাজেটে বিভিন্ন বরাদ্দ রাখার জন্য এসইসির মাধ্যমে সুপারিশ লাভ হয়েছে বলে জানান রকিবুর। চলতি বাজেটের মতো আগামী অর্থবছরের বাজেটেও শেয়ারবাজারে কালো টাকা সাদা করার সুযোগ চাওয়া হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, “পুঁজিবাজারের জন্য যে প্রণোদনা দেওয়া হয়েছে তার সব কিছুই বাজেটে অব্যহত রাখা উচিৎ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬৩৬ ঘ.