ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত দাবি করেছেন, টেলিকম প্রতিষ্ঠানসহ তার মালিকানায় থাকা অন্যান্য সম্পদের উৎস ‘পুরোপুরি বৈধ’।
বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়ে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখী হওয়ার পর সৌমেন সাংবাদিকদের বলেন, “আমার জ্ঞাত আয়বহিভূর্ত কোনো সম্পদ নেই। আমি একজন আইটি বিশেষজ্ঞ। আমার সব আয় বৈধ পথে।”
বেলা পৌনে ১১টার দিকে দুদক কার্যালয়ের পৌঁছেই তদন্ত কর্মকর্তাদের সঙ্গে বসেন সাবেক রেলমন্ত্রীর ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে বেলা ১টার পর বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
গত ৯ এপ্রিল রাতে ব্যক্তিগত সহকারীর গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হলে সাত দিনের মাথায় রেলমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত। এরইমধ্যে ১২ এপ্রিল সৌমেনের প্রতিষ্ঠান ‘সেনগুপ্ত টেলিকম’ পাঁচ কোটি টাকার ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) লাইসেন্স পাওয়ায় তার সম্পদের উৎস খতিয়ে দেখার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।
এর পরপরই সৌমেনের সম্পদের বিষয় অনুসন্ধান করতে দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূইঞাঁ ও সহকারী পরিচালক মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়।
আইসিএক্স লাইসেন্সের জন্য দেওয়া ওই ৫ কোটি টাকার ঊৎস জানতে চাইলে সৌমেন বলেন, “ওই কোম্পানি আইটি বিশেষজ্ঞ হিসেবে আমরা ক’জন ব্যবসায়ী উদ্যোক্তা মাত্র ৬০ হাজার টাকা পরিশোধিত মূলধন নিয়ে গঠন করেছি। দেশের প্রচলিত আইন মেনেই আইসিএক্স লাইসেন্স পেয়েছি।”
“বাকি টাকা একটি সিস্টার কনসার্নের কাছ থেকে লোন নিয়েছি”, যোগ করেন তিনি।
তিনি দাবি করেন, “বিভিন্ন পত্রপত্রিকায় আমার সম্পর্কে যেসব তথ্য আসছে সেগুলো ভিত্তিহীন।”
এ বিষয়ে দুদকের তদন্ত শেষে সব ‘বিভ্রান্তি’ দূর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সৌমেনের জিজ্ঞাসাবাদ শেষে দুদক চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে অনুসন্ধান শেষে বেআইনি কিছু পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
কমিটির প্রথম ১৫ কর্মদিবসের মধ্যেই অনুসন্ধান কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর মধ্যে তদন্তকাজ শেষ না হলে অনুসন্ধান কর্মকর্তা আরো ১৫ কর্মদিবস সময় পাবেন বলে তিনি জানান।
গত বৃহস্পতিবার ‘সেনগুপ্ত টেলিকমের’ বিষয়ে তথ্য চেয়ে চারটি প্রতিষ্ঠানকে চিঠি পাঠায় দুদক।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেওয়া ওই চিঠিতে ‘সেনগুপ্ত টেলিকমের’ লাইসেন্স ফি বাবদ দেওয়া পাঁচ কোটি টাকার উৎস জানতে চাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এসইউ/জেকে/১৩৩০ ঘ.
bdnews24