ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ায় দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ অবস্থায় ভোক্তাঋণের প্রবৃদ্ধি যাতে কোনো অবস্থাতেই ব্যাংকের মোট ঋণের গড় প্রবৃদ্ধির বেশি না হয়- সে ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারের তফসিলি ব্যাংকগুলোর উদ্দেশ্যে বলা হয়, স¤প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন তফসিলি ব্যাংকের ভোক্তাঋণ খাতে ঋণ প্রবাহ বেড়েছে। অনুৎপাদনশীল খাতে ঋণ কেন্দ্রীভূত হওয়ায় এবং উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ায় দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা এনে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ বাড়ানো প্রয়োজন বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত ‘উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি’ শিরোনামের ওই সার্কুলারে বলা হয়, অনুৎপাদনশীল তথা ভোক্তাঋণ খাতে ঋণ প্রবাহ কমিয়ে উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ বাড়ানোর মাধ্যমে কাঙ্খিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে, ভোক্তাঋণ খাতে ঋণের প্রবৃদ্ধি কোনো অবস্থাতেই ব্যাংকের মোট ঋণের গড় প্রবৃদ্ধির বেশি হবে না।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে আশা প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এর আগেও উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ বাড়ানোর জন্য তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/এমআই/২৩৫২ ঘ.
bdnews24