২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফের ঋণের প্রথম কিস্তির অর্থছাড়

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক বিলিয়ন (১০০ কোটি) ডলার ঋণের প্রথম কিস্তির ১৪ কোটি ১০ লাখ ডলার বুধবার ছাড় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 10:49 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক বিলিয়ন (১০০ কোটি) ডলার ঋণের প্রথম কিস্তির ১৪ কোটি ১০ লাখ ডলার বুধবার ছাড় হয়েছে। এই অর্থছাড়ের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ১০ দশমিক ১৫ বিলিয়ন ডলারে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সকালে আইএমএফের ঋণের প্রথম কিস্তির ১৪ কোটি ১০ লাখ ডলার রিজার্ভে যোগ হয়েছে। এর ফলে দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১০ দশমিক ১৫ বিলিয়ন ডলারের ওপরে।” কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলারের কিছু বেশি। ১১ এপ্রিল আইএমএফের পরিচালনা পর্ষদ ৬৩ দশমিক ৯৯ কোটি সিঙ্গাপুরি ডলারের (৯৮ দশমিক ৭০ কোটি মার্কিন ডলার) ঋণ অনুমোদন করে। ঋণের অর্থ তিন বছরের মধ্যে কয়েক ধাপে ছাড় করা হবে। যার প্রথম কিস্তির ১৪ কোটি ১০ লাখ ডলার বুধবার পেল বাংলাদেশ। লেনদেন ভারসাম্য নিয়ে সঙ্কটে থাকা বাংলাদেশ সরকার এক বছরের বেশি সময় ধরে আইএমএফের এই ঋণ পাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। আইএমএফের ঋণ পাওয়ায় বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ ঋণ পাওয়ার ফলে আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলোর রেটিংয়ে বাংলাদেশের অবস্থান আরো উপরের দিকে উঠবে। এর ফলে বিদেশি বিনিয়োকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে। দেশে এফডিআই’র (ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা সরাসরি বিদেশি বিনিয়োগ) পরিমাণ বাড়বে।” কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ছিল ৯ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাড়ার কারণে সোমবার তা বেড়ে ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৬৪০ ঘ.