ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপুল ভর্তুকির বোঝার জন্য সরকার চলতি অর্থছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত ধরলেও শেষ পর্যন্ত তা সাড়ে পাঁচ শতাংশের বেশি হবে না বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএম)।
এর আগে আইএমএফ একই কথা বলেছিল। অন্যতম দাতা এশীয় ডেভেলেপমেন্ট ব্যাংক এডিবি বলেছিল, প্রবৃদ্ধি ৬ দশমিক ২ এর বেশি হবে না।
তবে অর্থমন্ত্রী বরাবরই এই পূর্বাভাস নাকচ করে দিয়ে প্রবৃদ্ধির ৭ শতাংশ লক্ষ্যমাত্রায় স্থির রয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী।
আইএমএফ বলছে,ওই হারে প্রবৃদ্ধি অর্জনের জন্য বাংলাদেশকে ২০১৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পূর্বাভাস দেয় বাংলাদেশ সফররত আইএমএফ প্রতিনিধিদল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন আইএমএফ দলের প্রধান ও আইএমএফের ডেপুটি ডিভিশন চিফ ডেভিড জি কাউয়েন। আইএমএফ ঢাকা অফিসের আবাসিক প্রতিনিধি ইতেরি কেভিনত্রাদজে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের এই পূর্বাভাসের কারণ জানতে চাইলে ডেভিড জি কাউয়েন বলেন, “সময়মত জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় না করার কারণে সরকারকে বিশাল অংকের ভর্তুকি দিতে হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়বে জিডিপি প্রবৃদ্ধিতে।”
“সরকার আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে জ্বালানি তেল কিনে স্থানীয় বাজারে কম দামে বিক্রি করছে। সে কারণেই বড় অংকের ভর্তুকি দিতে হচ্ছে”, বলেন তিনি।
বাজেটে মোট ভর্তুকি ১৯ হাজার কোটি টাকা ধরা হলেও বছরান্তে তা দ্বিগুণের বেশি হয়ে ৪০ হাজার কোটি টাকায় দাঁড়াবে বলে স¤প্রতি অর্থ সচিব জানিয়েছেন।
প্রতিনিধিদলের প্রধান বলেন, “বাংলাদেশ বিভিন্ন খাতে যে সব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তা সঠিকভাবে চললে ২০১৫ সাল নাগাদ ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে।”
চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ ধরা হলেও আইএমএফ এর আগেও ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
আইএমএফ-এর সংবাদ সম্মেলনের পর কেন্দ্রীয় ব্যাংক এক লিখিত বিবৃতিতে বলে, প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ বা তার বেশি হবে।
গত ১১ এপ্রিল এশীয় উন্নয়ন ব্যাংক সংবাদ সম্মেলন করে বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে।
এডিবির এই পূর্বাভাসের ব্যাপারে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেছিলেন, “বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি এর আগেও বহুবার এ ধরনের পূর্বাভাস দিয়েছে। কিন্তু অর্থবছর শেষে দেখা গেছে তাদের পূর্বাভাস ঠিক হয়নি।”
আগামী অর্থবছরের (২০১২-১৩) বাজেট নিয়ে ১৫ এপ্রিল সচিবদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, “এডিবি, বিশ্বব্যাংক, আইএমএফ যে যাই বলুুক না কেন, আমি এখনো মনে করি বাজেটে আমরা যে লক্ষ্যমাত্রা ধরেছিলাম, সেই ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে।”
গত ২০১০-১১ অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
আইএমএফের সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি কমাতে ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহনের পরিমাণ কমানোর পরামর্শ দিয়ে বলা হয়েছে, ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়লে বাজারে টাকার সরবরাহ বেড়ে যাবে। এতে মূল্যস্ফীতি বাড়ায় মাশুল দিতে হবে সাধারণ মানুষকে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে গত মার্চ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ। গত দশ মাস ধরে মূল্যস্ফীতি দুই অংকের ঘরে (ডাবল ডিজিট) রয়েছে।
এছাড়া সরকারি মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দেয়া হয়েছে সংবাদ সম্মেলনে।
এক প্রশ্নের উত্তরে প্রতিনিধি দলের প্রধান বলেন, “সম্প্রতি আইএমএফ বাংলাদেশকে প্রায় ১ বিলিয়ন ডলারের যে ঋণ অনুমোদন দিয়েছে তাতে কোনো শর্ত নেই। সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্যই এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।”
আইএমএফর পাঁচ সদস্যর এই প্রতিনিধিদল সপ্তাহখানেক আগে ঢাকায় আসে। অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৫০৩ ঘ.
bdnews24