২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাণিজ্যের খোঁজে ওমানে দীপু মনি

প্রথম বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে ওমানের রাজধানী মাস্কটে পৌঁছেছেন দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 05:18 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

শেখ শাহরিয়ার জামান মাস্কট থেকে মাস্কট, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে ওমানের রাজধানী মাস্কটে পৌঁছেছেন দীপু মনি। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মাস্কটে পৌঁছেন পররাষ্ট্রমন্ত্রী। বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধি ও মানবসম্পদ রপ্তানিতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে এ সফরে ১৫ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক দেশটিতে পররাষ্ট্রমন্ত্রীর এ সফর সম্পর্কে মাস্কটে বাংলাদেশি রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওমানের সঙ্গে আমাদের একটি চমৎকার সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে শক্তিশালী করে নতুন উচ্চতায় নিতে পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে শুভ সূচনা হিসেবে দেখা যেতে পারে।” কৃষির পাশাপাশি জ্বালানি ও উৎপাদন খাতে বিনিয়োগই হল এ সফরের মূল আলোচ্য বিষয়, জানান তিনি। সফরকালে ওমানের সুলতান কাবুস বিন সাইদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ চিঠি পৌঁছে দেবেন পররাষ্ট্রমন্ত্রী। ওমানের পররাষ্ট্রমন্ত্রী, জ্বলানি মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, শ্রমমন্ত্রী ও পুলিশ প্রধানের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে দীপু মনির। এছাড়া বুধবার ওমান চেম্বারে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ওপর একটি সেমিনারেও অংশ নেবেন তিনি। বিনিয়োগ বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে চলতি বছরের মার্চ মাসে ওমানের দুইটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফর করে জ্বালানি খাতে বিনিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছিল। এ প্রসঙ্গে নুরুল আলম চৌধুরী বলেন, “মার্চে ঢাকা সফরের সময় ওমানের তেল কোম্পানি ‘অনুসন্ধান ও উৎপাদনে’র একটি প্রতিনিধিদল পেট্রোবাংলার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চেয়েছিল।” তারা তেল ও গ্যাস উন্নয়ন খাতে বাংলাদেশের অংশীদার হতে চায়। বর্তমানে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। রাষ্ট্রদূত আরো জানান, সুলতান শাসিত উপসাগরীয় দেশটির বৃহৎ ভোক্তাবাজারের পাশাপাশি অবকাঠামোসহ অন্যান্য খাতে বিনিয়োগের সুযোগকে কাজে লাগাতে ইতোমধ্যেই দুইটি বাংলাদেশি কোম্পানি কাজ শুরু করেছে। কৃষি ওমানে কৃষিখাতে বাংলাদেশিদের সাফল্যের কথা তুলে ধরে রাষ্ট্রদূত নুরুল জানান, অনেক বাংলাদেশি ওমান সরকারের কাছ থেকে তিন থেকে চার বছরের জন্য জমি ইজারা নিয়ে কৃষিকাজ করে থাকে। মরুময় দেশটিতে নতুন কৃষি প্রযুক্তি আনতে ইজারার সময় বাড়াতে চায় বাংলাদেশ। “এটি একটি সমান-সমান লাভজনক অবস্থা যেখানে উদ্যোক্তাদের সম্পদ সৃষ্টির সুযোগসহ বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ থাকবে,” যোগ করেন তিনি। ওমানে প্রায় পাঁচ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস, যা বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ উল্লেখ করে নুরুল জানান, ওমানে বসবাসরতরা প্রতি বছর দেশে ৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠায়। অন্য যে তিনটি দেশে প্রবাসী বাংলাদেশিদের বসবাস সর্বাধিক সেগুলো হল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত। নুরুল আলম চৌধুরী বলেন, “সংযুক্ত আরব আমিরাতের পরেই বাংলাদেশিদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান ওমান। যার কারণে গত বছরের মার্চ থেকে এ বছরের মার্চ পর্যন্ত প্রায় এক লাখ ৭৫ হাজার বাংলাদেশি ওমানে এসেছে।” মুসলিম সংখ্যাগরিষ্ঠ উপসাগরীয় দেশ ওমান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭৪ সালে। জাতিসংঘের সদস্যপদ পেতে যে কয়টি দেশ বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, ওমান ছিল তাদের একটি। ১৯৮৩ সালে মাস্কটে চার্জ দ্য আফেয়ার্স পর্যায়ে মিশন স্থাপন করে বাংলাদেশ। পরবর্তীতে ১৯৯৫ সালে একে দূতাবাসে উন্নীত করা হয়। ওমানে বাংলাদেশের স্থায়ী দূতাবাস থাকলেও বাংলাদেশে ওমানের কোনো দূতাবাস নেই। ঢাকায় কাতার দূতাবাসে প্রথম সচিব পদমর্যাদার একজন কূটনীতিক রয়েছে ওমানের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এমআই/২৩১৫ ঘ.