২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় এলসিতে উৎসে কর প্রত্যাহারের সিদ্ধান্ত

স্থানীয়ভাবে আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ৫ শতাংশ উৎসে কর আদায়ের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয়ভাবে আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ৫ শতাংশ উৎসে কর আদায়ের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে কর বিভাগের ঊর্ধতন কর্মকর্তাদের এক বৈঠকে এ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। গত ১ এপ্রিল চট্টগ্রাম কর অঞ্চল-২ থেকে ব্যাংকগুলোকে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা-৫২ ও আয়কর বিধি-১৬ অনুযায়ী স্থানীয় এলসির মাধ্যমে সরবরাহকৃত পণ্যের জন্য পরিশোধিত বিলের বিপরীতে উৎসে আয়কর কর্তন ও কর্তনকৃত আয়কর সরকারি কোষাগারে জমা দেওয়ার অনুরোধ করে চিঠি দেওয়া হয়। যাতে পরিশোধিত বিলের বিপরীতে ১ থেকে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত আয়কর কর্তনের নির্দেশনা দেওয়া হয়। চট্টগ্রামের ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে এই উৎসে কর প্রত্যাহারের অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি চিঠি দেয় চট্টগ্রাম চেম্বার। এ প্রেক্ষিতে ৫ শতাংশ উৎসে কর আদায়ের নির্দেশনা প্রত্যাহারসহ ওই আইনের মূল উদ্দেশ্য অক্ষুণœ রেখে ব্যবহারিক ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য পাঠানো নির্দেশনা সংশোধন করে কর অঞ্চল থেকে ব্যাংকগুলোতে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্তও হয় মঙ্গলবারের সভায়। সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, কর কমিশনার অপূর্ব কান্তি দাশ, অতিরিক্ত কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ ও যুগ্ম কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০১৪ ঘ.