রিয়াদ, সৌদি আরব, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরিশোধিত তেল ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানির জন্য ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিনান্স করপোরেশন (আইটিএফসি) সঙ্গে ৮৫ কোটি ডলারের চুক্তি করেছে বাংলাদেশ।
মধ্যপ্রাচ্যের ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত ওয়েবসাইট এএমইইনফো ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসলামি উন্নয়ন ব্যাংক গ্র“পের প্রতিষ্ঠান আইটিএফসির সঙ্গে চুক্তিটি সই করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
‘যুগান্তকারী’ এ চুক্তিতে আইটিএফসিসহ ২৮টি আর্থিক প্রতিষ্ঠান এক সঙ্গে কাজ করবে। একক গ্রাহকের জন্য আইটিএফসির গঠন করা এটিই সবচেয়ে বড় সিন্ডিকেট।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কমপক্ষে ৫০ কোটি ডলারের অর্থায়নের অনুরোধের প্রেক্ষিতে এ অর্থায়ন করা হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বছরের প্রথমার্ধে শুষ্ক মৌসুমে সেচের চাহিদা মেটাতে এ জ্বালানি ব্যবহার করা হবে।
আইটিএফসি ৮৫ কোটি ৫০ লাখ ডলারের এ অর্থায়নের ৯০ শতাংশ বা ৭৫ কোটি ৫০ লাখ ডলার যোগাড় করা হবে বিভিন্ন ব্যাংক থেকে।
স¤প্রতি রূপসী বাংলা হোটেলে আইটিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ওয়ালিদ আল-ওহায়েদ এবং জ্বালানি সচিব মো. মেজবাহউদ্দিন ও বিপিসির চেয়ারম্যান মো. আবুবকর সিদ্দিক চুক্তিতে সই করেন।
প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও জ্বালানি প্রতিমন্ত্রী মো. এনামুল হকসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি, বাংলাদেশ ব্যাংক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আইটিএফসির উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেআর/এসইউ/১৬৪২ ঘ.
bdnews24