ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে এই চার ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে গভর্নর এ উদ্বেগ প্রকাশ করেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বৈঠকে গভর্নর বলেন, “পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পরও চার ব্যাংকের খেলাপি ঋণের মাত্রা এখনও অনেক বেশি। এটা গ্রহণযোগ্য নয়।”
পরিসংখ্যান উপস্থাপন করে তিনি বলেন, “ব্যাংকিং খাতে খেলাপি ঋণের গড় হার যেখানে ছয় দশমিক ১২ শতাংশ সেখানে সরকারি মালিকানধীন চার বাণিজ্যিক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের খেলাপি ঋণের হার ১১ দশমিক ২৭ শতাংশ।”
তিনি জানান, সোনালী ব্যাংকের খেলাপি ঋণের হার ১৭ দশমিক ৮৯ শতাংশ। অগ্রণীর ১০ দশমিক ৭০ শতাংশ।
“ব্যাংকিং খাতে গড় খেলাপি ঋণের হার যেখানে ছয় দশমিক ১২ শতাংশ সেখানে এই দুই ব্যাংকের খেলাপির হার অনেক বেশি,”যোগ করেন আতিউর।
এছাড়া গভর্নর খেলাপি ঋণ আদায় বাড়াতে সব ব্যাংকের ‘রিকভারি সেল’ আরো কার্যকর করা এবং এই সেলের কার্যক্রম প্রধান নির্বাহীকে তদারকির নির্দেশ দেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
বৈঠকে ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, সিতাংশু কুমার সুর চৌধুরী, নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, নওশাদ আলী চেীধুরীসহ এবং চার ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরআরডি/পিডি/২৩৪১ ঘ.
bdnews24