২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরক সন্দেহে ৬১৫ কন্টেইনারে নজরদারি

বিস্ফোরক থাকার খবরে চট্টগ্রাম বন্দরে এমভি ক্রিস্টিনা নামে একটি জাহাজে করে আসা ৬১৫টি কন্টেইনার ছাড়ে ‘বিশেষ ব্যবস্থা’ নিয়েছে শুল্ক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

চট্টগ্রাম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিস্ফোরক থাকার খবরে চট্টগ্রাম বন্দরে এমভি ক্রিস্টিনা নামে একটি জাহাজে করে আসা ৬১৫টি কন্টেইনার ছাড়ে ‘বিশেষ ব্যবস্থা’ নিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। রোববার বিকালে চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব কন্টেইনার নজরদারির মধ্যে রাখা আছে। ছাড়ের সময় সেগুলো স্ক্যান করে দেখা হবে বলেও জানান তিনি। শুক্রবার শ্রীলংকা থেকে এমভি ক্রিস্টিনা নামের জাহাজে করে ৬১৫ কন্টেইনার চট্টগ্রাম বন্দরে আসে। এতে ২৯৯টি ৪০ ফুট দৈর্ঘ্যের এবং ৩১৬টি ২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনার রয়েছে। এগুলো শুক্র ও শনিবার জাহাজ থেকে নামিয়ে বিভিন্ন ইয়ার্ডে রাখা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান এসব কন্টেইনার বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করে। কন্টেইনারে ডাইস কেমিক্যাল, মেশিনারিজ, কসমেটিক্স, স্ক্র্যাপ লোহা, কটন, পলি প্রোপালিন এবং বিভিন্ন রাসায়নিক উপাদান রয়েছে জানিয়ে তারা এগুলো আমাদনি করে। এর মধ্যে যেকোনো কোনো কন্টেইনারে বিস্ফোরক জাতীয় দ্রব্য থাকার তথ্য পাওয়া গেছে বলে বন্দরের কয়েকটি সূত্র জানিয়েছে। চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন্দর কর্তৃপক্ষ এসব কন্টেইনার নজরদারিতে রেখেছে। ছাড়ের সময় এগুলো স্ক্যানিং করা হবে। আর বন্দর থেকে সরবরাহ দেওয়া কন্টেইনারের পণ্য পরীক্ষা করে দেখা হবে।” কন্টেইনার পরীক্ষার সময় বন্দরের নিরাপত্তা বিভাগের লোকজনও থাকবেন বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তা লে. কর্নেল মোয়াজ্জেম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এএল/১৯৩৫ ঘ.