ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ওঠা-নামার মধ্যে থাকলেও বাড়ে লেনদেন।
এদিকে সপ্তাহ জুড়ে বাজার মূলধন বাড়লেও শেষে দর হারায় বেশিরভাগ কোম্পানির শেয়ার।
তবে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান।
গত সপ্তাহে (১৫-১৯ এপ্রিল) পাঁচ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়ে প্রায় ২৪ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন বেড়ে দাঁড়ায় ১ হাজার ২১ কোটি টাকা যা আগের সপ্তাহে ছিল ৮৪৫ কোটি টাকা।
সূচকের ওঠা-নামার মধ্য দিয়েই পার হয় গত সপ্তাহের লেনদেন। দুই দিন সূচক বাড়লেও কমে তিন দিন। শেষ দিন বৃহস্পতিবার ১১২ পয়েন্ট কমে সূচক দাঁড়ায় ৫ হাজার ৩৬৭ পয়েন্ট।
এদিকে রোববার হরতাল থাকায় এদিন লেনদেন হবে কি না তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে নানা জল্পনা।
তবে ডিএসই’র নিয়ম অনুযায়ী বেশিরভাগ ব্রোকারেজ হাউজ সকাল ১১টার আগে তাদের অ্যাকাউন্টে লগ ইন করলে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। পুঁজিবাজারে বর্তমানে দুইশর বেশি ব্রোকারেজ হাউজ রয়েছে।
ডিএসই সভাপতি রকিবুর রহমান বলেন, “রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়লে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদেরও দায়িত্ব বেড়ে যায়। আশা করি সেভাবেই দ্বায়িত্ব পালন করবেন।”
“আর বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ, কোনো ধরণের গুজবে কান না দিয়ে মৌলভিত্তির কোম্পানির শেয়ারে বিনিয়োগ করুন,” যোগ করেন রকিবুর।
শার্প সিকিউরিটিজের পরিচালক সৈয়দ গোলাম ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল বা রাজনৈতিক অস্থিরতা একটু শঙ্কা তৈরি করলেও এটা সাময়িক। সামগ্রিকভাবে বাজার ঊর্ধ্বমুখি প্রবণতায় রয়েছে। মাঝে মধ্যেই স্বাভাবিক মূল্য সংশোধন হচ্ছে মাত্র।”
গত সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে ছিল আইসিবি এবং দর কমার শীর্ষে ছিল কেয়া কসমেটিকস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০০৬ ঘ.
bdnews24