ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান ইউনিপেটুইউ’র ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দিতে যুবকের মতো কমিশন গঠনের দাবি জানিয়েছেন ইউনিপেটুইউ মেম্বারর্স ক্লাবের সদস্যরা।
শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তাদের এই দাবির বিষয়টি তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহযোগিতার নাম করে প্রতারণার মাধ্যমে ইউটিপেটুইউ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদ আমাদের কাছ থেকে আনুমানিক ছয় হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।”
এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করার পরও কোনো আশ্বাস মেলেনি বলে জানান তিনি।
আসাদ বলেন, সমাধানের আর কোনো পথ খুঁজে না পেয়ে তারা গত ২১ মার্চ জয়েন্ট স্টকের অনুমোদন নিয়ে ইউনিপে মেম্বারর্স ক্লাব নামে এই ‘সংগঠন’ গড়ে করেন। এ সংগঠনের সদস্য সংখ্যা ৬ লাখের বেশি।
আরেক এমএলএম কোম্পানি যুবকের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের টাকা ফিরিয়ে দিতে সরকার যেভাবে কমিশন গঠন করেছে, ইউনিপেটুর জন্যও এরকম কমিশন গঠন করার দাবি জানান তিনি।
ইউনিপের ব্যবস্থাপনা পরিষদের সদস্য ইমন, শাহীন, মিঠু চৌধুরী, জামসেদ, মুকিত, জলিল, শাখাওয়াত সুমন ও তাহেরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
২০১০ সালের শেষ দিকে ইউনিপেটুইউর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলে ওই প্রতিষ্ঠনের বিনিয়োগকারীরা রাস্তায় নামে। এরপর ইউনিপেটুইউর কার্যক্রম বন্ধ করে দিয়ে এমএলএম ব্যবসাকে একটি নীতিমালার মধ্যে আনার উদ্যোগ নেয় সরকার।
এরই মধ্যে চলতি মাসের শুরুতে আরেক এমএলএম কোম্পানি ডেসটিনি গ্রুপের ‘অবৈধ ব্যাংকিং’ নিয়ে পত্রিকায় খবর প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ডেসটিনির শীর্ষ কর্মকর্তারা যাতে কোম্পানির সম্পদ স্থানান্তর করতে না পারে তা নিশ্চিত করতে যুবকের মতো একটি কমিশন গঠন করা হবে।
অবৈধ ব্যাংকিং কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় ২০০৬ সালের মার্চে যুবকের সব কর্মকাণ্ড বন্ধ করে দেয় সরকার। এরপর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যুবকের সার্বিক অবস্থা তদন্ত এবং যুবক গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার উপায় নির্ধারণে একটি কমিশন গঠন করা হয়।
কমিটি যুবকের সব সম্পদ বিক্রি করে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার সুপারিশ করে। একইসঙ্গে গ্রাহকদের অর্থ সুষ্ঠুভাবে ফেরত দেওয়ার জন্য একটি স্থায়ী কমিশন গঠনরেও পরামর্শ দেয়।
গত বছরের ৬ মার্চ তৎকালীন বাণিজ্যমন্ত্রী ফারুক খান সংসদে জানান, দেশে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) নিবন্ধিত কোম্পানির সংখ্যা ৬২। এর মধ্যে ডেসটিনি-২০০০ এর গ্রাহক সংখ্যা প্রায় ৪৫ লাখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৬৫০ ঘ.
bdnews24