ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকের অগ্রগতির চিত্র তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান আশা প্রকাশ করেছেন, শিগগিরই দেশের মুদ্রা বাজারে তারল্য প্রবাহ বাড়বে।
শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “আইএমএফের কাছ থেকে এক বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্র“তি পাওয়া গেছে। এছাড়া বিনিয়োগ বোর্ড চলতি অর্থবছরের জন্য এক বিলিয়ন ডলারের মতো বিদেশি ঋণের অনুমোদন দিয়েছে।”
গত ১২ এপ্রিল বাংলাদেশকে ৯৮ দশমিক ৭০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার একটি প্রস্তাবে অনুমোদন দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিচালনা পর্ষদ।
বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে গভর্নর বলেন, মূল্যস্ফীতির হার কমে আসছে। রেমিটেন্স প্রবাহ এবং ডলারের বিপরীতে টাকার মান ধীরে ধীরে বাড়ছে। সুদের হারও স্থিতিশীল হয়ে এসেছে।
“অচিরেই সামষ্টিক অর্থনীতিতে নতুন স্থিতিশীলতা ভারসাম্যের সূত্রে মুদ্রা বাজারে তারল্য যোগানে উন্নতি হবে। সুদহারও স্থিতিশীল হবে”, আশা প্রকাশ করেন আতিউর রহমান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে গভর্নর নতুন ব্যাংকের অনুমোদন দেওয়ার বিষয়েও কথা বলেন।
তিনি বলেন, “নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া নিয়ে আমরা অনেক সমালোচনা করছি। এসব সমালোচনা করতে গিয়ে আমরা ব্যাংক শাখার সংখ্যার ওপর বেশি গুরুত্ব দিয়েছি।”
“কিন্তু বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে প্রতি ২০ হাজার মানুষের জন্য একটি শাখা রয়েছে, যেখানে প্রতিবেশি দেশ ভারতে রয়েছে ১৪ হাজার মানুষের জন্য একটি শাখা। তাই ব্যাংকিং সেবা আরো বাড়ানোর সুযোগ রয়ে গেছে,” বলেন গভর্নর।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে ৪৮টি ব্যাংকের প্রায় সাড়ে ৭ হাজারের মতো শাখা রয়েছে।
স¤প্রতি ৩টি অনাবাসী ব্যাংকসহ মোট ৯টি নতুন ব্যাংকের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যার বেশিরভাগের উদ্যোক্তা হিসাবে রয়েছেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা।
এই অনুমোদনের ক্ষেত্রে শহর ও গ্রামে সমান হারে শাখা খোলার শর্ত দেওয়া হয়েছে নতুন ব্যাংকগুলোকে।
গভর্নর বলেন, “আমরা গ্রামে গঞ্জে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চায়। এজন্য শহর-গ্রামে সমান শাখা খুলতে হবে। এর মাধ্যমে ব্যাংকিং খাত আরো প্রতিযোগিতামূলক হবে।”
আর এ ক্ষেত্রে গ্রামের শাখাগুলোর মাধ্যমে কেবল আমানত সংগ্রহ না করে বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
অগ্রণী ব্যাংক পরিস্থিতি
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ‘উচ্চ খেলাপী’ ঋণ কমিয়ে আনাকে এ ব্যাংকের জন্য একটি চ্যালেঞ্জ বলে মনে করেন আতিউর রহমান।
তিনি জানান, সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের খেলাপী ঋণের হার ৬ দশমিক ১২ শতাংশ হলেও অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে এই হার ১০ দশমিক ৭০ শতাংশ।
“তাই খেলাপী ঋণের হার আরো কমাতে হবে,” অগ্রনীর কর্মকর্তাদের বলেন তিনি।
গভর্নর বলেন, “বিপুল অনাদায়ী ঋণ ব্যাংকসমূহের জন্য বিশ্বাসযোগ্যতা এবং স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ। তাই অনাদায়ী খেলাপী ঋণ আদায়ের ব্যাপারে জোরদার ব্যবস্থা নিতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৪১৪ ঘ.
bdnews24