চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয়টি মাছ ধরার (ফিশিং) ট্রলার নির্মাণ করছে দেশের অন্যতম শীর্ষ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
তাদের শাখা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ফিশার্স শিপইয়ার্ড বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়ায় তাদের ইয়ার্ডে ট্রলার ছয়টির আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু করেছে।
বাংলাদেশের দুইটি ব্যবসায়িক গ্র“পের জন্য আধুনিক ফিশিং ট্রলারগুলো নির্মাণ করা হচ্ছে বলে ওয়েস্টার্ন মেরিনের পক্ষ থেকে জানানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েস্টার্ন মেরিন জানায়, আইসল্যান্ড থেকে এ ট্রলারগুলোর নকশা নেওয়া হয়েছে। এর আগে এসব ফিশিং ট্রলার চীন ও থাইল্যান্ড থেকে বাংলাদেশে আমদানি করা হত।
ট্রলারগুলোর মধ্যে চারটি ৪২ মিটার ও দুটি ৪১ মিটার দৈর্ঘ্যের। এর মধ্যে চারটি দেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান জেকে গ্র“প এবং দুটি কিউএনএস গ্র“পের জন্য তৈরি করা হচ্ছে।
৪১ মিটার দৈর্ঘ্যের প্রতিটি ট্রলার নির্মাণে ২৩ কোটি এবং ৪২ মিটার দৈর্ঘ্যের প্রতিটি নির্মাণে ২৮ কোটি টাকা ব্যয় হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২১০৭ ঘ.
bdnews24