আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়ার অনুসন্ধান কূপে গ্যাস না পাওয়ায় কূপটি পরিত্যক্ত ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স)।
রাষ্ট্রায়াত্ত এ সংস্থার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক আশা নিয়ে অনুসন্ধান কূপ খনন করা হয়। বাপেক্স অন্য একটি স্ট্রাকচারে সফলতা পেলেও কাপাসিয়ায় গ্যাসের সন্ধান মেলেনি।”
তিনি জানান, কাপাসিয়ার কূপে ভূ-পৃষ্ঠ থেকে তিন হাজার ৩০১ মিটার নিচ পর্যন্ত খননের পর সেখানকার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে, সেখানে গ্যাস পাওয়া যাবে না। এ কারণে বুধবারই কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এদিকে নতুন আর কোনো কূপে গ্যাস না পাওয়ায় গ্যাস সংকট সমাধানে আপাতত ‘আশার আলো’ দেখতে পাচ্ছেন না জ্বালানি বিশেষজ্ঞরা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জরিপের ফলাফল নিয়ে খনন শুরুর পর সব স্থানে গ্যাস নাও পাওয়া যেতে পারে। এখানে গ্যাস পেলে ঢাকাসহ আশপাশের এলাকায় যে সংকট ছিলো তার কিছুটা সমাধান হতো। তবে আপাতত তা আর হচ্ছে না।”
এর আগে ২০০৪ সালে কুমিল্লার শ্রীকাইলে গ্যাস পাওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত বাপেক্স জানায়, সেখানে গ্যাস নেই।
গত ১৫ বছরের মধ্যে কেবল নোয়াখালীর সুন্দলপুর ক্ষেত্রেই গতবছর গ্যাস পায় বাপেক্স। সেখান থেকে দৈনিক গড়ে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস বর্তমানে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।
গাজীপুরের কাপাসিয়ায় প্রায় ২০০ লাইন কিলোমিটার দ্বি-মাত্রিক ভূতাত্ত্বিক জরিপ (টুডি সাইসমিক সার্ভে) চালিয়ে গ্যাস মজুদ থাকার সম্ভাবনার কথা জানিয়েছিল বাপেক্স। ওই জরিপের ফল বিশ্লেষণ করে ধারণা করা হয়েছিল, ৫৫০ থেকে ৬৬০ বিসিএফ গ্যাস মজুদ থাকতে পারে সেখানে। গত ফেব্র“য়ারি মাসে পরীক্ষামূলক কূপ খননের জন্য ৭০ লাখ ১৭ হাজার টাকা বরাদ্দও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কূপটি পরিত্যক্ত করতে বাধ্য হয় বাপেক্স।
আমজাদ হোসেন বলেন, কাপাসিয়ার কূপটি পরিত্যক্ত হলেও শিগগিরই সুনামগঞ্জ-নেত্রকোণায় সুনেত্র স্ট্রাকচারে এবং কুমিল্লার শ্রীকাইলে একটি করে অনুসন্ধান কূপ খনন করা হবে। এ কারণে রিগসহ অন্যান্য যন্ত্রাংশ প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৭২১ ঘ.
bdnews24