২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের চাপ বাড়াতে হবিগঞ্জে চালু হচ্ছে কম্প্র্রেসর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ এপ্রিল হবিগঞ্জে সঞ্চালন লাইনে গ্যাসের চাপ বাড়ানোর কম্প্র্রেসর এবং রশিদপুর গ্যাসক্ষেত্রে জ্বালানি তেল উৎপাদনের একটি প্ল্যান্ট উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 06:02 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে সঞ্চালন লাইনে গ্যাসের চাপ বাড়ানোর কম্প্র্রেসর এবং রশিদপুর গ্যাসক্ষেত্রে জ্বালানি তেল উৎপাদনের প্ল্যান্ট আগামী ৩০ এপ্রিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হবিগঞ্জের মুচাইতে নবনির্মিত কম্প্র্রেসরটি চালু হলে বিবিয়ানা এবং জালালাবাদ গ্যাসক্ষেত্র থেকে অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে আনা সম্ভব হবে। এখন কম্প্র্রেসরটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে।” এই কম্প্র্রেসরের সঙ্গে রশিদপুরে কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্টের (দ্বিতীয় ইউনিট) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হোসেন মনসুর জানান, হবিগঞ্জের কম্প্র্রেসরটি নির্মাণ করেছে বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরন। উৎপাদন-বণ্টন চুক্তির (পিএসসি) আওতায় ৪৫ হাজার অশ্বশক্তির কম্প্র্রেসরটি স্থাপনে মোট ব্যয় হয়েছে ৩৭০ কোটি টাকা। পিএসসির আওতায় শেভরন দেশের তিন গ্যাসক্ষেত্র পরিচালনা করছে। জালালাবাদ, মৌলভীবাজার ও বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস উৎপাদন করছে মার্কিন এই কোম্পানি। পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, “বর্তমানে কম্প্র্রেসর পরিচালনার দায়িত্বে শেভরনই থাকছে। কম্প্র্রেসর বসানোর জন্য যে ব্যয় হয়েছে তা তোলার জন্য আগামী দুই বছর সময় পাবে তারা।” পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুর রহমান বলেন, “মুচাইয়ে সঞ্চালন লাইনে বর্তমানে এক হাজার ৫০ থেকে ১১ শ’ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে, কম্প্র্রেসরটি পুরোদমে চালু হলে তা ১১৬০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত উন্নীত হবে।” এ কম্প্র্রেসর স্থাপনের ফলে ঢাকার সাভার ও আশুলিয়া, টাঙ্গাইল এবং নারায়ণগঞ্জের কয়েকটি এলাকার পাশাপাশি রাজশাহী অঞ্চলের কিছু এলাকায় গ্যাসের সরবরাহ লাইনে চাপ বাড়বে বলে আশা করছেন জিটিসিএলের এমডি। সঞ্চালন লাইনে গ্যাসের চাপ বাড়াতে ২০০৫ সালের মাঝামাঝি সময়ে জাতীয় গ্যাস গ্রিডের হবিগঞ্জের মুচাই, ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ ও টাঙ্গাইলের এলেঙ্গায় তিনটি কম্প্র্রেসর স্থাপনের প্রকল্প নেয় সরকার। এজন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তখন সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়। কম্প্র্রেসর স্থাপনের জন্য দরপত্র-প্রক্রিয়ার একপর্যায়ে দুর্নীতির অভিযোগ তোলে এডিবি। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দরপত্র বাতিল করে সরকার। এরপর নতুন করে ডাকা দরপত্রে অংশ নিয়ে কোরীয় কোম্পানি হুন্দাই তিনটি কম্প্র্রেসর স্থাপনের জন্য ১৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার দর প্রস্তাব করে। কোম্পানিটি ছিল সর্বনিম্ন দরদাতা। কিন্তু হুন্দাইয়ের প্রস্তাবে কিছু বিষয় ‘অস্পষ্ট’ থাকায় তাদের কাছে ব্যাখ্যা চায় পেট্রোবাংলা। হুন্দাই জানায়, তারা কার্যাদেশ দেওয়ার পর্যায়ে গিয়ে ব্যাখ্যা দেবে। এই দরপত্র প্রক্রিয়াধীন থাকা অবস্থায় সরকার আলোচনার মাধ্যমে উৎপাদন-বণ্টন চুক্তির (পিএসসি) আওতায় হবিগঞ্জের মুচাইয়ে কম্প্র্রেসর স্থাপনের কাজ শেভরনকে দেয়। শেভরন ২০১০ সালের মার্চে জিটিসিএলের কাছ থেকে জমি বুঝে নিয়ে নির্মাণ কাজ শুরু করে। এরপর গত বছরের ২১ অক্টোবর অপর দুটি কম্প্র্রেসর স্টেশন বসানোর জন্য কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করে সরকার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এবং টাঙ্গাইলের এলেঙ্গায় কম্প্র্রেসর দুটি বসানো হচ্ছে ‘ইন্সটেলেশন অব কম্প্র্রেসর স্টেশন অ্যাট আশুগঞ্জ অ্যাণ্ড এলেঙ্গা’ প্রকল্পের আওতায়। ২০১৩ সালের জুলাইয়ে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয় ৮৫৪ কোটি ৯ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ২২৩ কোটি ৪৫ লাখ টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেবে ৬৩০ কোটি ৬৪ লাখ টাকা। আশুগঞ্জে কম্প্র্রেসর বসানোর ফলে সেখানকার সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ এক হাজার ২০০ মিলিয়ন ঘনফুট থেকে এক হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট এবং এলেঙ্গায় ৩০০ থেকে ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে কর্মকর্তারা আশা করছেন। রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্ট পেট্রোবাংলার অপর সহযোগী সংস্থা সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের (এসজিএফএল) রশিদপুর গ্যাসক্ষেত্রে উৎপাদিত গ্যাসের সঙ্গে যে উপজাত (কনডেনসেট) পাওয়া যায় তা ফ্রাকশনেশন প্ল্যান্টের মাধ্যামে প্রক্রিয়াকরণ করে জ্বালানি তেল হিসেবে ডিজেল, কেরোসিন, পেট্রোল এবং অকটেন তৈরি করা হয়। রশিদপুর গ্যাসক্ষেত্রের তত্ত্বাবধায়ক ও এসজিএফএলের উপ-মহাব্যবস্থাপক এ কে এম আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৯ সালের এই গ্যাসক্ষেত্রে প্রথম ইউনিটের ফ্রাকশনেশন প্ল্যান্টটি চালু হয়। এরপর ওই প্লান্ট থেকে দৈনিক ৫০০ ব্যারেল করে (ডিজেল, কেরোসিন, পেট্রোল এবং অকটেন) মোট দুই হাজার ৫০০ ব্যারেল জ্বালানি তেল উৎপাদন হচ্ছে।” দেশের তিনটি তেল কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা এ তেল কেনে জানিয়ে তিনি বলেন, “প্রতিবছর ২০০ থেকে ২৫০ কোটি টাকার তেল বিক্রি করা হয় এই প্ল্যান্ট থেকে।” এছাড়া কৈলাসটিলা, হরিপুর ও তিতাস গ্যাস থেকেও এ রকম কনডেনসেট উৎপাদিত হয় বলে তিনি জানান। কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট প্রসঙ্গে তিনি বলেন, “৪২ কোটি টাকা ব্যয়ে এই ইউনিটটি নির্মাণ করা হয়েছে, বর্তমানে পরীক্ষামূলকভাবে এ ইউনিট থেকে দৈনিক সাড়ে বারো শ’ ব্যারেল তেল পাওয়া হচ্ছে।” ২০০৯ সালের ডিসেম্বরে এ প্লাটটির নির্মাণ কাজ শুরু হয় বলে জানান আমির হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১১৫০ ঘ.