২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের বাধ্যতামূলক কর আরোপের প্রস্তাব

ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক ন্যূনতম একটি কর আরোপের প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রস্ট্রিজ (ডিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 05:52 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক ন্যূনতম একটি কর আরোপের প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রস্ট্রিজ (ডিসিসিআই)। ব্যবসার ক্ষেত্রে কর আরোপ করে নয়, বরং টিআইএনধারীদের কর দেওয়ার বিষয়টি নিশ্চিত করার ওপর বাজেটে গুরুত্ব দেওয়ার প্রস্তাব করে ব্যবসায়ীদের এ সংগঠন। বুধবার ডিসিসিআইয়ের মতিঝিলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব করা হয়। বাজেটে বিবেচনার জন্যে আয়কর সংক্রান্ত ২৮টি, আমদানি ও সম্পূরক শুল্ক সম্পর্কিত ২৫টি ও মূল্য সংযোজন কর সংক্রান্ত ১২টি প্রস্তাব তুলে ধরেছে ডিসিসিআই। সংবাদ সম্মেলনে এগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হয়। ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, “দেশের ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ৩০ লাখের টিআইএন নম্বর রয়েছে। এদের মধ্যে প্রকৃত করদাতা আরো কম। প্রকৃত করদাতার এই সংখ্যা আরো বাড়াতে হবে। তারা যাতে সত্যিই কর দেন সে বিষয়টি রাজস্ব বোর্ডকে নিশ্চিত করতে হবে।” ডিসিসিআইয়ের সুপারিশগুলো বাস্তবায়ন করা হলে দেশে ব্যবসা ও কর্মসংস্থান বাড়বে বলে দাবি করেন তিনি। ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন সুবিধা দেওয়ার পাশাপাশি প্রত্যেক ব্যবসায়ীর জন্য একটি বাধ্যতামূলক ন্যূনতম কর হার আরোপের প্রস্তাব করে ডিসিসিআই সভাপতি বলেন, “এক্ষেত্রে একটি মিনিমাম বিজনেস ট্যাক্স ইমপোজ করা যেতে পারে। তাহলে সরকারের আয় কিছুটা হলেও বাড়বে।” তিনি বলেন, “আমাদের কিছু দুর্বলতা রয়েছে। ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা অনেকের মধ্যে কাজ করে। এই ফাঁকি বন্ধ করতে পারলে ট্যাক্স আদায় দ্বিগুণ হয়ে যাবে।” ডিসিসিআই এর আয়কর সংক্রান্ত সুপারিশগুলোর মধ্যে রয়েছে, করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ করা, বিনিয়োগে কর রেয়াতের হার ১৫ শতাংশ করা, বাড়ি ভাড়া ও যাতায়াত ভাড়ার সীমা বৃদ্ধি, কর্পোরেট করের হার হ্রাস, কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ থেকে আয়ের ওপর কর হার কমিয়ে ১৫ শতাংশ করা, সঞ্চয়পত্রে উৎসকর কর্তনের বিধান বাতিল, সঞ্চয় ও স্থায়ী আমানতের অর্জিত সুদের ওপর অগ্রিম কর চূড়ান্ত দায় হিসাবে প্রদর্শন করা, কর অবকাশ সুবিধা বাড়ানো ও আয়কর আইনের কয়েকটি ধারা পরিবর্তন। স্থানীয় শিল্পের সুরক্ষায় চার স্তরের শুল্ক কাঠামো তৈরি, অর্থবছরের মধ্যে শুল্ক কর হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত এসআরও জারি বাদ দেওয়া, আমদানি ও স্থানীয় পর্যায়ে উৎপাদিত পণ্যের কর হার সমস্যা সমাধানে একটি কমিটি গঠনেরও সুপারিশ করেছে ডিসিসিআই। এছাড়া মূল্য সংযোজন করের ক্ষেত্রে বার্ষিক টার্নওভার ৬০ লাখ টাকা থেকে বাড়িয়ে এক কোটি ও টার্নওভার ট্যাক্স তিন শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করার প্রস্তাব করেছে সংগঠনটি। কুটির শিল্পে যন্ত্রপাতি খাতে বিনিয়োগের মুলধন ২৫ লাখ থেকে বাড়িয়ে ৫০ লাখ এবং বাণিজ্যিক বাড়ি ভাড়ার ওপর মূসক প্রত্যাহার ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএইচ/২৩৫১ ঘ.