২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি ভর্তুকি কমানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর

ভর্তুকি কমাতে নতুন বাজেটে জ্বালানির মূল্য নির্ধারণে রাজনৈতিক সিদ্ধান্তের উর্ধ্বে থাকার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তুকি কমাতে নতুন বাজেটে জ্বালানির মূল্য নির্ধারণে রাজনৈতিক সিদ্ধান্তের উর্ধ্বে থাকার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জ্বালানির দাম আন্তজার্তিক বাজারে সাথে সঙ্গতি রেখে নির্ধারণ করা উচিৎ মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, “পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলংকায় এ ব্যবস্থা রয়েছে।” জনপ্রিয় সরকারের পক্ষে জ্বালানি খাতে ভর্তুকি কমানো সমস্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমাদের দেশে জ্বালানির মূল্য আন্তর্জাতিক দরের সঙ্গে অটোমেটিক এডজাস্ট (সমন্বয়) হয় না। এটা হওয়া খুবই জরুরি। কবে আমরা এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারব, তা জানি না।” বুধবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এনজিও প্রতিনিধিদের সঙ্গে আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠানে মুহিত এ কথা বলেন। চলতি অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ভর্তুকি বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “টার্গেট ছিল জিডিপির ২ দশমিক ৮ শতাংশ, কিন্তু তা ৪ শতাংশ ছাড়িয়ে গেছে। আগামী বাজেটে ভর্তুকি কমানোর চেষ্টা করা হবে।” চলতি বছর বাজেট ঘাটতি জিডিপির ৫ দশমিক ১ শতাংশ হবে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাজেটে বাজেট ঘাটতি ৫ শতাংশের নিচে রাখার চেষ্টা করা হবে। বিদ্যুৎ খাতে বিশেষ গুরুত্ব দিয়ে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন বাড়ানোর লক্ষ্য থাতবে বলেও মন্ত্রী জানান। তিনি বলেন, আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ৫৪ হাজার কোটি টাকা হতে পারে। বৈদেশিক সাহায্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। এনজিও প্রতিনিধিরা নারী-পুরুষ অসাম্য হ্রাস, শিক্ষা খাতে ব্যয় বাড়ানো এবং নারী নির্যাতন প্রতিরোধ, নারী উন্নয়ন, স্বাস্থ্য, নগরায়ন, বস্তি উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানান। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বেতন বাড়ানোর সুপারিশও করেন কয়েকজন। এতে সহমত পোষণ করে অর্থমন্ত্রী বলেন, “সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাসিক বেতন ২০ টাকা এবং হোস্টেল খরচ ৫ টাকা। সরকারি বিশ্ববিদ্যালয় এত সস্তা হওয়া উচিৎ নয়।” স্বাস্থ্য সেবার বিষয়ে মন্ত্রী বলেন, “চিকিৎসকরা গ্রামে থাকতে চাচ্ছেন না। তবে গ্রামের উন্নয়ন হলে চিকিৎসকরা গ্রামে যাবেন। সে দিন আর বেশি দূরে নেই।” ঢাকার বস্তি উন্নয়নে কিছু করতে না পারার কথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, “ঢাকার বস্তিগুলোর মালিক সরকার। তাই এর কেউ মালিক নেই। কিছু করা যাচ্ছে না। যে বড় মাস্তান সে দখল করে।” এনজিও প্রতিনিধিদের মধ্যে বৈঠকে ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রকল্প সমন্বয়ক ডা. জাফরুল্লাহ, গণস্বাক্ষরতা অভিযানের পরিচালক রাশেদা কে চৌধুরী, নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, সেভ দ্যা চিলড্রেন’র আবাসিক প্রতিনিধি কেল্যান্ড স্টিভেনসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২২৪৫ ঘ.